বগুড়ায় ড্রেন খুড়তে গিয়ে মিলল ৩৩৪ এসএমজির কার্তুজ

বগুড়ায় পরিত্যক্ত অবস্থায় ৩৩৪টি এসএমজির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের সাতমাথা এলাকায় জিলা স্কুলের সামনে থেকে কার্তুজগুলো উদ্ধার করা হয়।
এর আগে বেলা পৌনে ১১টার দিকে জিলা স্কুলের সীমানাপ্রাচীর ঘেঁষে ড্রেন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় মাটির প্রায় ৫ থেকে ৬ ফুট নিচে শ্রমিকরা কার্তুজগুলো দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, মোবাইল ফোনে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বগুড়া সিটি করপোরেশনের উদ্যোগে জিলা স্কুল সংলগ্ন এলাকায় পানি নিষ্কাশনের জন্য নতুন ড্রেন নির্মাণের কাজ চলছিল। সেখানে ড্রেন খোঁড়ার সময় একটি লাল ব্যাগে পরিত্যক্ত অবস্থায় কিছু কার্তুজ পাওয়া যায়।
ওসি বলেন, স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষের উপস্থিতিতে কার্তুজগুলো গণনা করা হয়। গণনা শেষে ৩৩৪টি এসএমজির কার্তুজ পাওয়া গেছে। উদ্ধার হওয়া কার্তুজগুলো জব্দ তালিকাভুক্ত করে বিধিমোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কার্তুজগুলো কতদিন আগের বা কোন সময়ের হতে পারে জানতে চাইলে ওসি বলেন, এটা অনুমান করে বলা যাচ্ছে না। কিছু কার্তুজ নষ্ট ও ভেঙে গেছে। তবে কার্তুজগুলো মুক্তিযুদ্ধের সময়কার নয় বলে নিশ্চিত করেছেন ওসি।
(ঢাকাটাইমস/৩০আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































