কুমিল্লা নগরীতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ, ৩০ সেকেন্ডেই জানানো যাবে নাগরিক অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৬
অ- অ+

নাগরিক সেবা সহজীকরণ ও সিটি কর্পোরেশনের কার্যক্রমে স্বচ্ছতা বাড়াতে ‘আমার কুমিল্লা’ নামে একটি নতুন অ্যাপ চালুর করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে অ্যাপটির উদ্বোধন করা হয়।

এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই বিভিন্ন নাগরিক সমস্যা ও অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ জানাতে সময় লাগবে মাত্র ৩০ সেকেন্ড। ছবি তুলে অভিযোগ জমা দিলেই স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ওয়ার্ড ও অবস্থানের তথ্য যুক্ত হয়ে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সুজনের সভাপতি শাহ মো. আলমগীর খান নাগরিক সেবা প্রদানে জবাবদিহিতা ও স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, নাগরিকদের সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি সিটি কর্পোরেশনের কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ ও নজরদারি নিশ্চিত করা প্রয়োজন।

এসময় প্রধান বক্তার বক্তব্যে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম নাগরিক সেবা সহজীকরণে প্রযুক্তিনির্ভর উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হলে সেবাদানকারী প্রতিষ্ঠান ও নাগরিকদের মধ্যে যোগাযোগ আরও সহজ করতে হবে। অভিযোগ জানানোর পাশাপাশি তার অগ্রগতি ও নিষ্পত্তির বিষয়টি নাগরিকরা সরাসরি জানতে পারলে সেবার ক্ষেত্রে জবাবদিহিতা আরও বাড়বে।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজি আক্তার নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নাগরিকরা যাতে সহজে তাদের সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারেন এবং সমস্যার সমাধান কোন পর্যায়ে রয়েছে তা জানতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সরকারি অর্থের ব্যবহার সম্পর্কে জনগণের জানার সুযোগ থাকলে উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।

সভাপতির বক্তব্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নাগরিকদের সেবা পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতেই ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিকদের আর সমস্যা নিয়ে বিভিন্ন দপ্তরে ঘুরতে হবে না। ছবি তুলে অভিযোগ জানালেই সেটি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পৌঁছে যাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সমাধানের প্রক্রিয়া শুরু হবে।

তিনি আরও বলেন, শুধু অভিযোগ গ্রহণ নয়, সমস্যা সমাধানে কত সময় লাগছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যথাসময়ে কাজ করছেন কি না, সেটিও এই ব্যবস্থার মাধ্যমে নজরদারি করা হবে। পাশাপাশি উন্নয়ন ও সংস্কারকাজে ব্যয়ের তথ্য জনগণের জন্য উন্মুক্ত রাখার মাধ্যমে সিটি কর্পোরেশনের কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের করের টাকা কোথায় ব্যয় হচ্ছে, সেই তথ্য জানার অধিকার জনগণের রয়েছে।

নতুন এই ব্যবস্থায় নাগরিকদের একবার মোবাইল নম্বর দিয়ে প্রবেশ করতে হবে। মোবাইলে পাঠানো কোডের মাধ্যমে প্রবেশ করা যাবে, আলাদা কোনো পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন হবে না। এরপর সমস্যার ছবি তুলে সংশ্লিষ্ট ওয়ার্ড নির্বাচন করে অভিযোগ জমা দেওয়া যাবে। অভিযোগের সঙ্গে অবস্থানের তথ্যও স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে।

অভিযোগ জমা হওয়ার পর নির্ধারিত কর্মকর্তা সেটি পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্ব পাবেন এবং সমাধানের জন্য সময়সীমাও নির্ধারণ করে দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে অভিযোগটি স্বয়ংক্রিয়ভাবে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চলে যাবে। সেখান থেকেও নির্ধারিত সময়ে সমাধান না হলে বিষয়টি সরাসরি প্রশাসকের নজরে যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনার ব্যবস্থা করবেন প্রশাসক।

‘আমার কুমিল্লা’ অ্যাপের মাধ্যমে নাগরিকরা রাস্তাঘাটের সমস্যা, ড্রেন ও জলাবদ্ধতা, ডাস্টবিন, রাস্তার ময়লা, পানি সরবরাহ, সড়কবাতি, পয়ঃনিষ্কাশন, মশার উপদ্রব, অবৈধ স্থাপনা, টেন্ডারের কাজসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। একই সঙ্গে অভিযোগের অগ্রগতিও অ্যাপের মাধ্যমে দেখা যাবে। সমস্যা সমাধান হলে নাগরিকের মোবাইলে খুদেবার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এ উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন ও সংস্কারকাজে কত টাকা ব্যয় হচ্ছে, তা এলাকাভিত্তিক বিস্তারিতভাবে দেখার সুযোগ রাখা। ফলে কোনো এলাকায় কোন কাজের জন্য কত টাকা বরাদ্দ ও ব্যয় হচ্ছে, সে তথ্য জনগণের কাছে উন্মুক্ত থাকবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে টেন্ডার ও উন্নয়নকাজে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি জনগণের করের টাকা কোথায় এবং কীভাবে ব্যয় হচ্ছে, তা জানার সুযোগ তৈরি হবে।

(ঢাকা টাইমস/২৮সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সব এমপিকে নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
দুদকের তলব, ব্যক্তিগত জীবন ও রাজনীতি নিয়ে মেঘনা আলমের বিস্ফোরক পোস্ট
জ্বালানি সাশ্রয়ে এগিয়ে রূপপুর, একবার ভরলেই চলবে দুই বছর
দুই মাসের মধ্যে ঢাকার ৫০ সিগন্যালে চালু হচ্ছে এআই ক্যামেরা