পে স্কেল বাস্তবায়নের আগে মাউশির নতুন নির্দেশনা, সময় ৭ অক্টোবর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৬, ১৫:২৬
অ- অ+

জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন মাঠপর্যায়ের সব অফিস ও প্রতিষ্ঠানের জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। নির্ধারিত ছকে আগামী ৭ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার মাউশি অধিদপ্তর থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

মাউশির চিঠিতে বলা হয়েছে, কর্মীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর করা এবং এতে স্বচ্ছতা নিশ্চিত করতে iBAS++-এর Organogram Sub-module-এর ডেটাবেজে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য সংযোজনের কাজ চলছে। এতে পদ বা পদবি, মূল গ্রেড ও পদসংখ্যার তথ্য অন্তর্ভুক্ত করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করার লক্ষ্যে iBAS++-এর Pay Fixation Sub-system-এ জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের কার্যক্রম চলছে। এ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাউশি ও এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য Organogram Sub-module-এ এন্ট্রি করা প্রয়োজন।

এ ছাড়া এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলোও Organogram Sub-module-এ এন্ট্রি করতে বলা হয়েছে। এ জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার পৃষ্ঠাঙ্কনকৃত সরকারি আদেশসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ছকে পাঠাতে হবে।

নির্ধারিত ছকে ক্রমিক নম্বর, পদের নাম (বাংলা ও ইংরেজি), পদের মূল গ্রেড, পদসংখ্যা ও মন্তব্যের তথ্য চাওয়া হয়েছে।

মাউশির নির্দেশনায় বলা হয়েছে, এসব তথ্যের হার্ড কপি উপপরিচালক, এইচআরএম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকার ৫৩০ নম্বর কক্ষে পাঠাতে হবে। পাশাপাশি সফট কপি Nikosh ফন্টে Word Document হিসেবে নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠানোর জন্য মাউশির অধীন সংশ্লিষ্ট সব অফিস ও প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উখিয়ায় অসচ্ছল মানুষের জন্য ইজিপিপি প্লাসের ৪৪ প্রকল্পের কাজ শুরু 
সাত শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না: ইরানের স্পিকার
টাঙ্গাইলে ছিনতাই করতে ট্রাকচালককে কুপিয়ে হত্যা
মিটফোর্ডে সোহাগ হত্যা: প্রধান আসামি মাহিনের জামিন স্থগিত