নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী মোহাম্মদপুরে গ্রেপ্তার

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
বুধবার বিকাল ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।
তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে আটক করে পুলিশ। তাকে আমাদের হেফাজতে নিয়েছি।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মোশতাক আহমেদ রুহী। এর আগে ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন। চব্বিশের ৫ আগস্ট পরবর্তীতে আত্মগোপনে গিয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী সহ একাধিক মামলা আছে।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে ইকবাল রোডের ২/১৪ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে আটক করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













