২০০৬ বিশ্বকাপ ফাইনালে মাতেরাজ্জি কী বলেছিলেন জিদানকে?

২০০৬ বিশ্বকাপ ফাইনাল। এখনও সেই ছবি অনেকের চোখে ভাসে। ইতালির মাতেরাজ্জির সঙ্গে কথা কাটাকাটির পর এগিয়ে গিয়ে তাঁর বুকে ঢুঁসো মেরেছিলেন জিনেদিন জিদান। তারপর লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন ফরাসি তারকা।
২০০৬ সালের ফিফা বিশ্বকাপ ফাইনালে সেই ন্যক্কারজনক ঘটনায় বিস্মিত হয়েছিল গোটা বিশ্ব। ইতালি চ্যাম্পিয়ন হলেও সেই একজন ডিফেন্ডারের জন্যই বিশ্বের ফুটবলপ্রেমীরা ধিক্কার জানিয়েছিল ইতালীয়দের। কিন্তু এতদিন যা বলেননি মাতেরাজ্জি, এবার সেই কথাটাই বলে ফেললেন। জানালেন, কেন সেদিন ওই কাণ্ড ঘটিয়েছিলেন জিদান। কতখানি অশালীন ছিল মাতেরাজ্জির মন্তব্য।
মাতেরাজ্জি বলেছন, ‘মনে বড় আঘাত পেয়েছিলাম। বিশ্বাস করুন, এই ধরনের কথা আমি কখনও বলতে চাইনি। তারপর কখনও বলিওনি। জিদানকে আটকাতে না পারার জন্য গাটুসোর থেকে ধমক খাচ্ছিলাম। তাই জিদানকে আটকাতে শার্ট ধরে বেশ কয়েকবার টানাটানি করি। ভেবেছিলাম ঠান্ডা মাথায় জিদান খেলে যাবে। কিন্তু আমার ফাঁদে যে পা দেবে তা ভাবিনি। একবার শার্ট ধরে টানায় আমাকে বলে বসল, তুমি কি আমার শার্টটা নিতে চাইছ? আমি মাথা গরম করে বলে বসি, তোমার শার্ট নয়, চাইছি তোমার বোনকে।’
ইতালিয়ান মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক স্বীকারোক্তি মাতেরাজ্জির। তবে মাতেরাজ্জি পরে স্বীকার করে নিয়ে বলেছেন, ‘ঝামেলা হোক চাইছিলাম। প্রত্যেকে চায় প্রতিপক্ষকে হারাতে। শান্ত থাকার কথা সকলেই বলে। কিন্তু করে দেখানোর কাজটা সত্যিই কঠিন। ম্যাচের পরে সকলে জয়ের আনন্দে ভেসে গিয়েছিলাম। সেবার আমাদের দলটার কথা ভাবুন। পিরলো, গাটুসোর মতো ফুটবলার দলে ছিল। পিরলোকে খুব শান্ত মনে হয়। আসলে প্রচন্ড বুদ্ধিমান।’
তবে মাতেরাজ্জিকে এখনও আঘাত করে স্টেডিয়ামে দর্শকদের আচরণ। তাঁর কথায়, ‘বহুবার দেখেছি স্টেডিয়ামে আমাকে ও বালোতেলিকে নিয়ে প্রচুর গালিগালাজ চলে। কখনও আমাকে ডাকা হয়েছে ডাইনির ছেলে। কেন? নাপোলির কাউকে বললে দেখবেন ধুন্ধুমার কাণ্ড ঘটে যাবে। এরকম ঘটনায় রেফারিরা শক্ত হতে পারতেন।’
(ঢাকাটাইমস/৪ মে/এসইউএল)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































