বাহরাইনে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের যুবক নিহত

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের সিদ্দিক মিয়া (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে বাহরাইনের রফা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সিদ্দিক মিয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের রজিব আলীর ছেলে।
সিদ্দিক মিয়া প্রায় ১৩ বছর আগে বাহরাইনে পাড়ি জমান। তিনি সেখানে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রায় পাঁচ বছর আগে দেশে ফিরে বিয়ে করেছেন। তবে তার কোনো সন্তান নেই। শনিবার তিনি বাহরাইন আলদুর এলাকার উদ্দেশ্যে কাজের লোক আনার জন্য গাড়ি নিয়ে বের হন। এ সময় রফা এলাকায় পৌঁছামাত্র আকস্মিকভাবে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
(ঢাকাটাইমস/১২জুলাই/কেএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













