‘প্রবাসীরা বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে পারেন’

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২১, ০৯:০১| আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১০:৩৬
অ- অ+

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রবাসীদের বাংলাদেশের দূত হিসেবে আখ্যায়িত করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। প্রবাসীরা চাইলে বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী করে তুলতে পারেন বলে মনে করেন মন্ত্রী। এজন্য বিদেশি সহকর্মী ও অংশীজনদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহ দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় সোমবার যুক্তরাজ্যের ম্যানচেস্টার সেন্ট্রাল কনভেনশন কমপ্লেক্সে বাংলাদেশের পুঁজিবাজারের ওপর যুক্তরাজ্যে দ্বিতীয় বিনিয়োগ শীর্ষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই আহ্বান জানান। খবর বাসসের।

বিদেশি ও অনাবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের ‘দ্য রাইজ অভ্ বেঙ্গল টাইগার: ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পটেনশিয়ালস ইন বাংলাদেশ’ অর্থাৎ বাংলার বাঘের উদয় - বাংলাদেশে বাণিজ্য ও বিনয়োগের সম্ভাবনা' শীর্ষক রোডশো-এ বাংলাদেশের পুঁজিবাজারের ওপর যুক্তরাজ্যে অনুষ্ঠিত দ্বিতীয় বিনিয়োগ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে প্রবাসী বাংলাদেশি ও বিদেশি, বিশেষত যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ সম্ভাবনা উপস্থাপনার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই রোড শো আয়োজন করে। গত ৪ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত রোডশো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান এবং বেসরকারি খাতের নেতারা সম্মেলনে অংশ নেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সাইফুজ্জামান চৌধুরী পুঁজিবাজারকে অর্থনীতির ভিত্তি এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগকে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, বাংলাদেশ সরকার এই কারণে বিদেশি বিনিয়োগকারীদের অনেক ভালো প্রণোদনা দিচ্ছে।

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অন্তর্ভুক্তিমূলক উল্লেখ করে বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেন, প্রতিটি নাগরিক যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল পায় সেদিকে প্রধানমন্ত্রী সবসময় লক্ষ্য রাখেন।

(ঢাকাটাইমস/০৯নভেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কায়দা করে বাঁচার জন্য আ.লীগ-ছাত্রলীগ এখন জামায়াত হয়ে যাচ্ছে: রাশেদ খাঁন
চাঁদপুরে মাদকসহ ২০ জন ও কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক 
এ বছর ৩৩ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজা, পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস আইজিপির
গ্রামীণ সড়ক টেকসই করতে ঠিকাদারদের তিন বছরের দায়বদ্ধতার প্রস্তাব সংসদীয় কমিটি