‘নাকফুল’-এ রোশানের জায়গায় আদর

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২২, ১১:৪২| আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৬:২৩
অ- অ+

জিয়াউল রোশানের ছেড়ে দেওয়া ‘নাকফুল’ ছবিতে পূজা চেরির নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হলেন আদর আজাদ। রবিবার তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। এ খবর নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক আলোক হাসান। ‘নাকফুল’ এই নির্মাতার প্রথম ছবি হতে যাচ্ছে। সেখানে আদর আজাদকে দেখা যাবে রাজু চরিত্রে।

এই নায়ককে ছবিতে নেওয়া প্রসঙ্গে আলোক হাসান বলেন, ‘রোশান সরে দাঁড়ানোর পর আমরা তিনজন অভিনেতার সঙ্গে কথা বলেছিলাম। তাদের মধ্যে আদরকে উপযুক্ত মনে হয়েছে। আশা করছি, রাজু চরিত্রটিতে তাকে ভালো মানাবে।’

মডেলিং থেকে চলচ্চিত্রে এসেছেন আদর আজাদ। যদিও এখনো তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি। তাহলে কী দেখে তাকে যোগ্য মনে হলো?

এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আদরের কোনো ছবি মুক্তি পায়নি ঠিকই, তবে তার সম্প্রতি শেষ হওয়া ‘তালাশ’ নামে একটি ছবির ফুটেজ প্যানেলে বসে আমি দেখেছি। সেসব দেখেই তার প্রতি আমার বিশ্বাস তৈরি হয়েছে। তাছাড়া একটা হিসাব-নিকাশ করেই তাকে নেওয়া হয়েছে। আমাদের প্রত্যাশা, আদর চরিত্রটি করতে পারবেন।’

চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন আদরও। তিনি বলেন, ‘একেবারেই সহজ–সরল প্রেমের গল্পের ছবি ‘নাকফুল’। কিন্তু গল্প শুনতে বসে অসাধারণ মনে হয়েছে। তাছাড়া আমার চরিত্রটিতে অসাধারণ কাজের সুযোগও আছে।’

এর আগে ফেব্রুয়ারির শুরুতে ‘নাকফুল’-এর রাজু চরিত্রটির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন রোশান। তবে শিডিউল জটিলতার কারণে কয়েকদিন পরই তিনি ছবিটি ছেড়ে দেন। গত ২৬ ফেব্রুয়ারি নিজের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্টও দেন। এরপর থেকেই নতুন নায়কের খোঁজ করছিলেন নির্মাতা কর্তৃপক্ষ।

ছবি ছাড়ার ঘোষণা দিয়ে সে সময় রোশান জানিয়েছিলেন, ‘মার্চ-এপ্রিলে ছবিটির শুটিং শুরু করতে চান পরিচালক আলোক হাসান। ওই সময় আমার শিডিউল নেই। আগামী মে পর্যন্ত অন্য ছবির জন্য আগে থেকেই শিডিউল দেওয়া। তাই পরিচালককে আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি।’

পরিচালক আলোক হাসান জানিয়েছেন, ‘শিডিউল জটিলতার কারণে আমার প্রথম ছবি ‘নাকফুল’-এর কাজ করতে পারছেন না রোশান। তার সঙ্গে আমার কথা হয়েছে। রোশানের অন্য ছবিগুলোর শিডিউল যেভাবে সাজানো, তাতে এ ছবি করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। কিন্তু ঈদের আগেই ছবিটির কাজ শেষ করতে হবে।’

বেসরকারি চ্যানেল আরটিভির অঙ্গ প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত হবে আলোক হাসানের ‘নাকফুল’। এর গল্প লিখেছেন ফেরারি ফরহাদ। গত ২ ফেব্রুয়ারি ছবিটির নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হন পূজা চেরি। তিনি এখনো চূড়ান্তই আছেন।

ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০১
সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ দিনের রূপরেখা
মেধা, সততা ও মানবিক মূল্যবোধে দেশ গড়ার আহ্বান ডেপুটি স্পীকারের
শনিবার আকাশে দেখা যাবে ‘হারভেস্ট মুন’, কখন উঠবে চাঁদ?