জেনে নিন চট্টগ্রামে কোন এলাকায় কখন লোডশেডিং

সরকারের নির্দেশনার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধের পরিকল্পনার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন (বিউবো) বোর্ড। নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামে এক ঘণ্টা করে এলাকাভিত্তিক লোডশেডিং হবে।
মঙ্গলবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে বিতরণ অঞ্চল বিউবো চট্টগ্রাম জোনের সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত সময়ের শিডিউল প্রকাশ করেছে। প্রাথমিকভাবে লোডশেডিংয়ের পরিমাণ ১০০ মেগাওয়াট নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী রেজাউল করিম ঢাকা টাইমসকে বলেন, আমাদের লোডশেডিংয়ের বিষয়টি স্থির থাকছে না। ১০০ মেগাওয়াটের সম্ভাব্য লোডশেডিং ধরে পরিকল্পনা করার পর যদি ২০০ মেগাওয়াট লোডশেডিং করতে হয় সেক্ষেত্রে এসব পরিকল্পনা শতভাগ বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে। আমাদের সাড়ে চারশ ফিডার রয়েছে। একই সময়ে এতগুলো ফিডার নিয়ন্ত্রণ করারটাও কঠিন হয়ে পড়ে। গতকাল আমরা একটি খসড়া পরিকল্পনা পাঠিয়েছিলাম। আমরা চেষ্টা করছি এই পরিকল্পনা আজকে না হলেও আগামীকাল থেকে করার।
এক প্রশ্নে এই কর্মকর্তা আরও বলেন, চট্টগ্রামের শিল্প এলাকার বিষয়টি মাথায় রেখে আমাদের পরিকল্পনা সাজাতে হয়। পরিকল্পনা করার সময় আমি বরাবরই সরবরাহ বাড়িয়ে দেওয়ার বিষয়ে অনুরোধ করে আসছি। আশা করছি এবারও শিল্প এলাকাগুলো মাথায় রেখে বরাদ্দ দেওয়া হবে।
এদিকে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সাইদুল ইসলাম সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে।
(ঢাকাটাইমস/১৯জুলাই/এআর)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































