লোডশেডিং বন্ধের দাবি দোকান মালিক সমিতির

লোডশেডিং বন্ধ করা এবং রাত ৯টা পর্যন্ত মার্কেট খোলা রাখাসহ সরকারের প্রতি চার দফা দাবি জানিয়েছে দোকান মালিকদের সংগঠন ‘বাংলাদেশ দোকান মালিক সমিতি’। ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসায়ীদের বৃহত্তর স্বার্থে এসব দাবি বাস্তবায়ন প্রয়োজন বলে জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন।
দাবিগুলো হলো- লোডশেডিং বন্ধ করা, মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা, অফিস সময় সকাল সাড়ে ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করা।
হেলাল উদ্দিন বলেন, ‘২০ জুন থেকে মার্কেট, বিপণিবিতান ও দোকানগুলো রাত ৮টার মধ্যে বন্ধ করতে হচ্ছে। বর্তমানে মাগরিবের নামাজ শেষ হয় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। রাত ৮টায় দোকানপাট বন্ধের কারণে প্রায় ৬০-৭০ ভাগ দোকানে বেচাকেনাই শুরু হয় না। কিন্তু দোকান মালিকদের কর্মচারী খরচ, বিদ্যুৎ বিল ও দোকান ভাড়াসহ অন্যান্য খরচ বহন করতে হচ্ছে। এতে চরম অর্থ সংকটে পড়ছে ব্যবসায়ীরা।’
দোকান মালিকদের এই নেতা বলেন, জ্বালানি প্রতিমন্ত্রী কয়েকদিন আগে জানিয়েছেন আমদানি করা জ্বালানির (ডিজেল ও এলএনজি) মাত্র ১০ শতাংশ ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদনে। প্রকৃতপক্ষে বিদ্যুতের কোনো সংকট নেই, সংকট জ্বালানিতে। বাকি ৯০ শতাংশ ব্যবহার হয় পরিবহন ও কৃষি খাতে। মাত্র ১০ শতাংশ সাশ্রয়ের জন্য এই লোডশেডিংয়ে কাজের কাজ কিছুই হচ্ছে না। বরং এতে করে ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের পথে বসার উপক্রম হয়েছে। শুধু এক-দুই ঘণ্টা অপরিকল্পিত লোডশেডিং কর্মসূচির কারণে পুরো অর্জন আজ প্রশ্নবিদ্ধ।
হেলাল উদ্দিন বলেন, জ্বালানি তেলে পরিচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ রাখলে এক দিনে জ্বালানি সাশ্রয় হয় ৯ কোটি ২০ লাখ টাকার। কিন্তু একদিন দোকানপাট বন্ধ রাখলে ক্ষতি হয় এক হাজার ৬০০ কোটি টাকা। সেই হিসাবে রাত ৯টার পরিবর্তে রাত ৮টায় দোকান বন্ধ রাখলে অর্থাৎ এই এক ঘণ্টায় ক্ষতি হয় ১৬০ কোটি টাকা।
(ঢাকাটাইমস/২৮জুলাই/ওএফ/কেএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































