মাসের শেষে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি জুন মাসের শেষে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফর বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং দুই দেশের সমন্বিত কৌশলগত সহযোগিতাকে আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।
বৃহস্পতিবার (১১ জুন) চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিত সপ্তম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন।
কায়সার কামাল বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। তিনি ১৯৭৭ ও ১৯৮০ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চীন সফরের কথা উল্লেখ করে বলেন, ওই সফরগুলোর মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের দৃঢ় ভিত্তি গড়ে ওঠে।
ডেপুটি স্পিকার বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ১৯৯১ ও ২০০২ সালের চীন সফরও দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। তিনি জিয়াউর রহমানের প্রণীত পররাষ্ট্রনীতিতে আঞ্চলিক সহযোগিতার গুরুত্বের বিষয়টি তুলে ধরে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিষ্ঠায় তাঁর উদ্যোগের কথাও উল্লেখ করেন।
বৈশ্বিক জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব, উন্নয়নশীল দেশগুলোর ঋণের চাপ এবং বিশ্ব বাণিজ্যের অস্থিরতার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন কায়সার কামাল।
তিনি বলেন, বর্তমান বিশ্বের বহুমাত্রিক সংকট কোনো একক দেশের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। এ পরিস্থিতিতে পারস্পরিক সহযোগিতা ও আঞ্চলিক অংশীদারত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































