চানখাঁরপুলে বাসে উঠতে গিয়ে দুই বাসের মাঝে চাপা, প্রাণ গেল ডিস্ট্রিবিউটরের

রাজধানীর চানখাঁরপুল এলাকায় বাসে উঠতে গিয়ে দুই বাসের মাঝে চাপা পড়ে জয় দেব পান্ডে (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সোয়া চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয় দেব পান্ডে রয়েল ল্যাবরেটরিজের একজন ডিস্ট্রিবিউটর ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। তিনি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) খালেক মিয়া জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত মৌমিতা পরিবহনের দুটি বাস পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি বাসের চালককে আটক করা হয়েছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মুছা. গাজীর ভাষ্য, বিকালে চানখাঁরপুল এলাকায় মৌমিতা পরিবহনের একটি বাসে ওঠার চেষ্টা করছিলেন জয় দেব। এ সময় বাসটি চলতে শুরু করলে একই পরিবহনের আরেকটি বাস দ্রুতগতিতে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে দুই বাসের মাঝখানে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী মিজানুর রহমান জানান, তিনি ও জয় দেব একই প্রতিষ্ঠানে ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করতেন। ব্যবসায়িক কাজ শেষে শাহবাগ থেকে যাত্রাবাড়ীর বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন জয় দেব। পরে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে তার মৃত্যুর বিষয়টি জানতে পারেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে মিজানুর রহমান জানান, জয় দেবের দুই মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তার পরিবারের সদস্যরা বর্তমানে গ্রামের বাড়িতে অবস্থান করছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































