ইসলামী ব্যাংক নিয়ে অস্থিরতা পুরো ব্যাংক খাতে প্রভাব ফেলতে পারে: মাসরুর আরেফিন

মাসরুর আরেফিন বলেছেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে চলমান অস্থিরতা শুধু একটি ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; এর প্রভাব পুরো ব্যাংকিং খাতে পড়তে পারে।
বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। এতে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তারা অংশ নেন।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করা মাসরুর আরেফিন বলেন, ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি ব্যাংক খাতের জন্য উদ্বেগের বিষয়। ব্যাংকাররা এ নিয়ে গভীরভাবে চিন্তিত।
তিনি জানান, গভর্নরের মতে, ইসলামী ব্যাংককে কেন্দ্র করে সৃষ্ট সংকট এখন আর কেবল ব্যাংকিং খাতের অভ্যন্তরীণ বিষয় নয়; এটি রাজনৈতিক মাত্রাও পেয়েছে। এ কারণে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মাসরুর আরেফিন বলেন, বিষয়টির রাজনীতিকীকরণ আমানতকারীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ সৃষ্টি করতে পারে। এর ফলে ব্যাংকিং খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
সভায় ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্বারোপ করেন গভর্নর। তিনি ব্যাংকের প্রধান নির্বাহীদের রাজনৈতিক চাপ উপেক্ষা করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে সঠিক ও নির্ভুল তথ্য সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন।
বৈঠকে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৬০ হাজার কোটি টাকার নতুন ঋণ সহায়তা প্যাকেজ নিয়েও আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধার আওতায় এ অর্থ বিতরণের পরিকল্পনা রয়েছে বলে জানান মাসরুর আরেফিন।
এ ছাড়া রপ্তানি ও আমদানিসংক্রান্ত তথ্য প্রদানে ভুল ও বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন গভর্নর। বিশেষ করে আমদানি পণ্যের মূল্য ঘোষণায় অসঙ্গতি জাতীয় হিসাব-নিকাশে প্রভাব ফেলছে বলে তিনি উল্লেখ করেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































