পরিবারের সঙ্গে মনোমালিন্য করে বেরিয়ে আসা ছেলেটি আজকের জেমস

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ অক্টোবর ২০২২, ১৯:৩৮| আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৯:৪২
অ- অ+

তিনি গলা ছেড়ে গাইলেই মেতে ওঠে চারদিক। কখনো তিনি নগর বাউল, কখনো রকস্টার আবার কখনো গুরু। পুরো নাম ফারুক মাহফুজ আনাম। তবে দেশ ছাড়িয়ে আর্ন্তজাতিক অঙ্গনে নগর বাউল জেমস নামেই তিনি অধিক পরিচিত। আজ নগর বাউল খ্যাত এই রকস্টার ৫৮তম জন্মদিন। ৫৯ বছরে পা রাখা জেমস ১৯৬৪ সালের আজকের দিনে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন।

জেমসের বেড়ে ওঠা চট্টগ্রামে। তার বাবা মোজাম্মেল হক ছিলেন একজন সরকারি কর্মকর্তা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ছেলে পড়াশোনা করে একদিন অনেক বড় হবে, নাম করবে এমনই ইচ্ছা ছিল তার। কিন্তু পড়ালেখার প্রতি আগ্রহ ছিল না জেমসের। বই ছেড়ে গান বাজনায় মজে থাকতেন সারাদিন, যা ছিল পরিবারের ঘোর অপছন্দের।

ফলত পরিবারের সঙ্গে মনোমালিন্য করে নবম শ্রেণিতে পড়া অবস্থায় ঘর ছাড়েন জেমস। শুরু করেন সংগ্রামী জীবনে টিকে থাকার লড়াই। ঠাঁই হয় চট্টগ্রামের পাঠানটুলীর আজিজ বোর্ডিংয়ের বারো বাই বারো ফুটের ছোট এক রুমে। সেখানে থেকেই তার সংগীত জীবনের শুরু। কয়েক মাসের মধ্যেই ছড়িয়ে পড়ে তার নামডাক।

১৯৮০ সালের দিকে চট্টগ্রামে বসেই নিজের হাতে গড়লেন স্বপ্নের ব্যান্ড 'ফিলিংস'। ব্যান্ডটির প্রধান গিটারিস্ট ও ভোকালিস্ট হিসেবে দায়িত্ব পালন করতেন জেমস। এর প্রথম দিকের সদস্যরা ছিলেন ফান্টি (ড্রামস), স্বপন (বেস গিটার), প্যাবলো( ভোকাল ও পিয়ানো বাদক)। প্রথম দিকে জিম মরিসন, মার্ক নাফলার, এরিক ক্লাপটনের গাওয়া বিখ্যাত গানগুলোর কভার করতেন।

ফিলিংসের ব্যানারে ১৯৮৭ সালে জেমসের প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ প্রকাশিত হয়। ১৯৮৮ সালে ‘অনন্যা’ নামের অ্যালবাম প্রকাশ করে সুপারহিট হয়ে যান তিনি। এরপর ১৯৯০ সালে ‘জেল থেকে বলছি’, ১৯৯৬ সালে ‘নগর বাউল’, ১৯৯৮ সালে ‘লেইস ফিতা লেইস’ এবং ১৯৯৯ সালে ‘কালেকশন অব ফিলিংস’ অ্যালবামগুলো ‘ফিলিংস’ থেকে বের করা হয়।

‘নগর বাউল’ ব্যান্ডের অ্যালবামগুলো হলো- ‘দুষ্টু ছেলের দল’ ও ‘বিজলি’। জেমসের একক অ্যালবামগুলো হলো- ‘অনন্যা’, ‘পালাবি কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করো না’, ‘ঠিক আছে বন্ধু’, ‘আমি তোমাদেরই লোক’, ‘জনতা এক্সপ্রেস’, ‘তুফান’ ও ‘কাল যমুনা’।

চলচ্চিত্র প্লেব্যাকেও সফল হয়েছেন জেমস। ২০১৪ সালে ‘দেশা-দ্য লিডার’ ও ২০১৭ সালে ‘সত্ত্বা’ ছবির ‘তোর প্রেমেতে অন্ধ আমি’ গানের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

জেমসের জন্মদিন আসার আগেই থেকেই প্রস্তুতি নেয় তার ভক্তঅনুরাগীরা। প্রতি বছরেই জেমসের জন্মদিনকে কেন্দ্র করে নানারকম পরিকল্পনা থাকে ভক্তদের। এবারও হচ্ছে না তার ব্যতিক্রম।

জেমস-এর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, প্রতি বছরেই দেশের বিভিন্ন জেলার ভক্তরা জেমস ভাইয়ের জন্মদিনটি উদযাপনে নানা আয়োজন করে থাকেন। এবারও এরকম বেশকিছু উদ্যোগের কথা জেনেছি।

বিভিন্ন জেলার 'দুষ্টু ছেলের দল' নামে জেমসের ভক্তরা এবার সারা দিনব্যাপী বিভিন্ন আয়োজন রেখেছে। এরমধ্যে ঢাকা, খুলনা, যশোর, নরসিংদী, রংপুর, মেহেরপুর, কুড়িগ্রাম, ভোলা পটুয়াখালী, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় জেমসের দীর্ঘায়ু ও সুস্বাস্থ কামনায় মসজিদ/মাদ্রাসা সহ বিভিন্ন মিলনমেলায় দোয়ার আয়োজন রখেছে। কেক কেটে সুবিধাবঞ্চিতদের সঙ্গে নিয়ে রেখেছে গান ও আড্ডার আয়োজন।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/এলএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন মিয়া মারা গেছেন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার পদত্যাগ করতে পারেন!
মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০
লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলের আবারও বিমান হামলা, নিহত ২৭
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা