ঢাবির জগন্নাথ হল ট্রাজেডির ৩৭ বছর

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২২, ১১:২৯| আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১২:১৭
অ- অ+

‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম যে তিনটি হল নিয়ে যাত্রা শুরু করেছিল জগন্নাথ হল তার একটি। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে এই হলে ঘটেছিল এক ভয়ংকর ঘটনা। সেদিন হলের টিভি কক্ষের ছাদ ধসে প্রাণ হারিয়েছিলেন ছাত্র, কর্মচারী ও অতিথিসহ ৩৯ জন।

হৃদয়বিদারক ওই ঘটনার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিহতদের স্মরণে দিনটিকে শোক দিবস হিসেবে পালন করে আসছে। শনিবারও দিনটি পালিত হবে নিহতদের স্মরণে।

জগন্নাথ হলের সেই মর্মান্তিক দুর্ঘটনা স্মরণে হলের সামনে ২০১৪ সালে ‘স্মৃতি অক্টোবর’ স্মারক স্তম্ভ স্থাপন করা হয়েছে। জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এ ‘স্মৃতি অক্টোবর’ নির্মাণ ও বাস্তবায়ন করেছে।

নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে প্রতিবছর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে-সকালে বিশ্ববিদ্যালয়ের সব হল ও প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ, শোক মিছিল, পুষ্পস্তবক অর্পণ।

জগন্নাথ হল এলাকায় আজ যেখানে ‘অক্টোবর স্মৃতিভবন’ দাঁড়িয়ে আছে, ১৯৪৭ সালে এখানেই পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের অধিবেশন বসতো। একে ‘পরিষদ ভবন’ বা অ্যাসেম্বলি হল বলা হতো। এ ভবনটি ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভবনটিকে ছাত্রদের আবাসিক প্রতিষ্ঠান হিসেবে জগন্নাথ হলের সঙ্গে যুক্ত করেন।

একাত্তরের শহীদ আবাসিক শিক্ষক অনুদ্বৈপায়ন ভট্টাচার্যের নামে এ পরিষদ ভবন বা অ্যাসেম্বলি হলের নামকরণ করা হয় ‘অনুদ্বৈপায়ন ভবন’। প্রায় ১৫০ বছরের পুরোনো এই ভবনটিকে আগেই বসবাসের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছিল।

ব্রিটিশ শাসনামলে চুন, সুরকি, লোহার রডের বিম দিয়ে তৈরি এ ভবন ছিল খুবই ঝুঁকিপূর্ণ, অথচ কর্তৃপক্ষ ছাত্রদের বিনোদন ব্যবস্থা হিসেবে এখানেই একটি বড় রঙিন টেলিভিশন স্থাপন করে। ঘটনার দিন সারাদিন ধরেই ছিল টিপটিপ বৃষ্টি। এ জন্যই পলেস্তারা নরম হয়ে ধসে পড়ে ছাদটি। প্রাণ হারায় ৩৯ জন ছাত্র, কর্মচারী ও অতিথি। মেধাবী শিক্ষার্থীদের লাশের স্তূপ দেখে স্তভিত হয় দেশবাসী।

১৯৮৫ সালের ১৫ অক্টোবর ছিল দুর্যোগপূর্ণ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে মুষলধারে বৃষ্টি হয় এবং রাজধানী ঢাকার উপর দিয়ে প্রায় ১০০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ ঝড় বয়ে যায়। ঘটনার দিন রাত সাড়ে ৮টা থেকে মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত ধারাবাহিক নাটক শুকতারা প্রচার হচ্ছিল।

ওই নাটকে অভিনয় করেছিলেন জগন্নাথ হলের শুভ্র দেব নামে এক ছাত্র। তাই ঝড়-বৃষ্টি উপেক্ষা করে নাটকটি দেখার জন্য সমবেত হয় বহু ছাত্র। এরপর রাত প্রায় পৌনে ৯টার দিকে ছাত্রদের ওপর ভেঙে পড়ে ভবনের ছাদ। গভীর রাত ধরে চলে উদ্ধার কাজ। তবু রক্ষা করা যায়নি ৩৯টি তাজা প্রাণ।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হুথিদের ছোড়া ১১ দ্রোন ও ১ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদির
ইতালির নাগরিকদের সৌদি আরব ছাড়ার পরামর্শ
২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হবে না
আবহাওয়া কেমন থাকবে আজ