নতুন বসন্তে অপু বিশ্বাস, কত হলো বয়স?

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ অক্টোবর ২০২৪, ০৮:৪৯
অ- অ+

ঢালিউডের ‘কুইন’ খ্যাত নায়িকা অপু বিশ্বাস। তিনিই বিশ্বের একমাত্র অভিনেত্রী, যিনি কোনো নায়কের সঙ্গে জুটি বেঁধে ৭০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। বিরল এই রেকর্ডধারী নায়িকার জন্মদিন আজ শুক্রবার। কতটি বসন্ত পেরোলেন তিনি?

অপু বিশ্বাসের জন্ম ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে। সেই হিসেবে শুক্রবার জীবনের ৩৫টি বসন্ত পেরিয়ে গেলেন নায়িকা। পা দিলেন ৩৬ বছরে। বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাসের তিন সন্তানের মধ্যে সবার ছোট তিনি।

অভিনেত্রীর বিশেষ এ দিনে সোশ্যাল মিডিয়ায় তাকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসাচ্ছেন তার শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও অনুরাগীরা। তার মধ্যে রয়েছেন কয়েকজন বিনোদন সাংবাদিকও। তারা এরইমধ্যে অপুর সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

দেড় যুগের দীর্ঘ অভিনয় ক্যারিয়ার অপু বিশ্বাসের। কাজ করেছেন শতাধিক সিনেমায়। যার সিংহভাগই ব্যবসাসফল। ফলে ইন্ডাস্ট্রিতে তার জায়গাও বেশ পাকাপোক্ত। চলচ্চিত্রের পাশাপাশি কয়েক বছর ধরে বাংলাদেশ ও ভারতে বিভিন্ন স্টেজ শো এবং বিজ্ঞাপনেও কাজ করছেন অপু। তিনি দায়িত্বে আছেন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসাবেও।

অপু বিশ্বাসের প্রকৃত নাম অবন্তী বিশ্বাস। তার শৈশব ও কৈশোর কেটেছে জন্মস্থান বগুড়াতেই। ২০০৪ সালে দশম শ্রেণিতে পড়া অবস্থায় দূরসম্পর্কের এক মামার মাধ্যমে বড়পর্দায় অভিষেক করেন অপু। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘কাল সকালে’। সেখানে তার সহশিল্পী ছিলেন ফেরদৌস ও শাবনূর।

ওই সিনেমাটি নির্মাণ করেন কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেন। শুরুর দিকে নজর কাড়তে না পারলেও ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ ছবিতে সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বাধার পরই বদলে যায় অপুর ভাগ্য। দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা পায় সিনেমাটি।

এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি অপু বিশ্বাসকে। রাতারাতি তারকা বনে যান তিনি। শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের জুটি দর্শকদের গ্রহণযোগ্যতা পায় দারুণভাবে। ফলে ২০০৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত অপু-শাকিব জুটি একাধারে ৭০টির বেশি সিনেমায় অভিনয় করেন। যার অধিকাংশই ব্যবসাসফল।

অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসাবেও নাম লিখিয়েছেন অপু বিশ্বাস। এরইমধ্যে তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় চলচ্চিত্র’ থেকে নির্মিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’মুক্তি পেয়েছে গত বছরে। সেখানে তিনি নায়িকা হিসাবে অভিনয়ও করেছেন। এ সিনেমার নায়ক সাইমন সাদিক।

অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবন

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করতে গিয়ে এক সময় তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান অপু বিশ্বাস। ২০০৮ সালের ১৮ এপ্রিল তারা গোপনে বিয়েও করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম হয় শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয়ের।

এই খবরটিও ছিল গোপন। অবশেষে ২০১৭ সালের জুলাইয়ে ছেলেসহ একটি টিভি চ্যানেলে হাজির হয়ে অপু বিশ্বাস ফাঁস করেন শাকিব খানের সঙ্গে তার বিয়ে ও সন্তান জন্মদানের কথা। এর কয়েক মাস পরই অপুকে তালাকের নোটিশ পাঠান শাকিব খান।

পরবর্তী ৯০ দিনের মধ্যে এ জুটির মধ্যে কোনো আপোষ না হওয়ায় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। তারপর থেকে সিঙ্গেল মাদার হিসাবেই ছেলে জয়কে লালন-পালন করে চলেছেন অপু বিশ্বাস। তাকে মানুষের মতো মানুষ করতে চান নায়িকা।

(ঢাকা টাইমস/১১অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অমিত শাহের সাথে গোপন বৈঠক ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক: বিজিবি
৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, ৩ তরুণ আটক
বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে
ডিএমপির তিন এডিসি ও দুই এসি নতুন দায়িত্বে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা