আজ ঢাকার যেসব স্থানে তারেক রহমানের নির্বাচনি জনসভা

রাজধানী ঢাকার আটটি স্থানে আজ সোমবার জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। চলমান গণসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে এসব জনসভা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। গতকাল এই কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার ৬টি স্থানে জনসভা করেছেন তিনি।
বিএনপি সূত্র জানিয়েছে, তারেক রহমান আজ তার নিজ নির্বাচনি এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনের মোট আটটি জনসভায় অংশ নেবেন। এর মধ্যে বেলা ১১টায় ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি।
এরপর ঢাকা-১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে পীরজঙ্গী মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠে বেলা ২টায়, ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বিকাল ৩টায়, ঢাকা-৪ আসনে জুরাইন-দয়াগঞ্জ রোডে বিকাল ৪টায়, ঢাকা-৬ আসনে ধুপখোলা মাঠে বিকাল ৫টায় এবং ঢাকা-৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
এর আগে রোববার বিএনপির চেয়ারম্যান ইসিবি চত্বরে দুপুর ২টায়, পল্লবী দুই নম্বার ওয়ার্ড লাল মাঠ তথা মেট্রো স্টেশনের পাশে বেলা ২টা ৪০ মিনিটে, মিরপুর-১০ নম্বর গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতে আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিকাল সাড়ে ৩টায়, মিরপুর মডেল থানার বিপরীতে বিকাল ৪টা ২০ মিনিটে, শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকাল ৫টা ১০ মিনিটে এবং বাড্ডার সাঁতারকুলের সানভ্যালী মাঠে সন্ধ্যা ৬টায় বক্তব্য রাখেন।
উল্লেখ্য, এর আগে চট্টগ্রাম, ফেনী, রাজশাহী, নওগাঁ, বগুড়া, গাজীপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, খুলনা, যশোর, বরিশাল, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুরসহ দেশের বিভিন্ন জেলায় নির্বাচনি জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। এসব জনসভায় তিনি সংশ্লিষ্ট এলাকার জনগণের কাছে নিজের রাজনৈতিক ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
ঢাকাটাইমস/৯ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































