দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জানিয়েছে, প্রতি ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। নতুন এই মূল্য আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। মূলত স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম সমন্বয় করা হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ ভ্যাট ও ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে অলঙ্কারের ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।
এর আগে, ৯ ফেব্রুয়ারি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়েছিল। চলতি বছর ২০২৬ সালে এখন পর্যন্ত দেশে স্বর্ণের দাম ২৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৮ বার বৃদ্ধি ও ১১ বার কমানো হয়েছে। গত বছর (২০২৫) স্বর্ণের দাম রেকর্ড ৯৩ বার পরিবর্তিত হয়েছিল।
স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। এ বছর এখন পর্যন্ত ১৭ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৭ ফেব্রুয়ারি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































