গভীর রাতে মুফতি আমির হামজার অনুরোধ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশবাসীর উদ্দেশে একটি বিশেষ অনুরোধ করেছেন আলোচিত ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে ওই পোস্টটি দিয়েছেন তিনি। তার পোস্ট অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় তাকে কটূ কথা হচ্ছে। সেখানে গিয়ে কেউ যেন খারাপের জবাবে খারাপ ভাষা ব্যবহার না করেন, সেই অনুরোধ জানান।
আলোচিত এই ইসলামী বক্তা লিখেছেন, ‘প্রিয় দেশবাসী এবং আমার সকল শ্রেণির সমর্থকবৃন্দ, আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাই, আমাকে নিয়ে যেসমস্ত জায়গায় মিডিয়া ট্রায়াল চলে অথবা আমাকে নিয়ে কটূ কথা বলা হয়, সেসব জায়গায় গিয়ে আপনারা খারাপের বিপরীতে খারাপ কথা বলে দৃষ্টান্ত স্থাপন করবেন না।’
সমর্থকরা চাইলে সুন্দরভাবে বুঝিয়ে বলবেন অথবা নীরব থেকে এড়িয়ে যাবেন- এমন পরামর্শ দিয়ে আমির হামজা আরও বলেন, তার বিরুদ্ধে কটূক্তির বিষয়ে আল্লাহই যথেষ্ট।
তার ফেসবুক স্ট্যটাসটি নিচে হুবহু তুলে ধরা হলো-
প্রিয় দেশবাসী, এবং আমার সকল শ্রেণির সমর্থকবৃন্দ - আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাই, আমাকে নিয়ে যেসমস্ত জায়গায় মিডিয়া ট্রায়াল চলে অথবা আমাকে নিয়ে কটু কথা বলা হয় - সেসব জায়গায় গিয়ে আপনারা খারাপের বিপরীতে খারাপ কথা বলে দৃষ্টান্ত স্থাপন করবেন না। হয় আপনারা সুন্দরভাবে বুঝিয়ে বলবেন, অথবা চুপ থেকে এড়িয়ে যাবেন। কিন্তু কোনোক্রমেই আমার পক্ষ নিয়ে কাউকে বিন্দুমাত্র কটু কথা শোনাবেন না। মুমিনের জবান থেকে অপর মুমিন হেফাজতে থাকবে - এটিই আমাদের কাম্য।
আর আমার বিরুদ্ধে বিভিন্ন মিডিয়া টুইস্টেড করে যেসমস্ত নিউজ করেন, আমাকে নিয়ে যারা কটু কথা বলেন - সেটার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমি এগুলো নিয়ে বিন্দুমাত্র বিচলিত নই। নিশ্চয়ই মিথ্যার উপরে সত্য বিজয়ী হবে।
আমির হামজা (এমপি)।’
(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































