ঈদের ছুটিতে গুলশানে বাড়ি দখলের অভিযোগ ওঠা সেই পুলিশ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৬, ১৭:২৬| আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১৮:৪২
অ- অ+

ঈদের ছুটিতে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে একটি বাড়ি দখলের অভিযোগে সমালোচনার মুখে পড়া সহকারী পুলিশ কমিশনার (এসি) আলী আহম্মেদ মাসুদকে বদলি করা হয়েছে।

সোমবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত অফিস আদেশে তার বদলির তথ্য জানা যায়।

অভিযোগ রয়েছে, ছুটির সময় ফাঁকা থাকায় গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গুলশান ১ নম্বর এলাকার ১২৭ নম্বর রোডের ১৫ নম্বর ওই বাড়িতে ভাঙচুর, লুটপাট ও দখলের ঘটনা ঘটে। ঘটনাটি পুলিশের সামনেই ঘটলেও উল্টো ভুক্তভোগীদেরই হয়রানির মুখে পড়তে হয়।

বাড়ির মালিকের অভিযোগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আলী আহম্মেদ মাসুদ, গুলশান থানার এসআই মো. সামিউল ইসলাম, এসআই মো. আরমান আলীসহ গুলশান থানার বেশ কয়েকজন পুলিশের উপস্থিতিতে এবং তাদের মদদেই এ দখলের ঘটনা ঘটে। বিষয়টি একাধিক গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার সহকারী পুলিশ কমিশনার আলী আহম্মেদ মাসুদকে ডিএমপির মানবসম্পদ বিভাগে (এইচআরডি) সহকারী পুলিশ কমিশনার (ট্রেনিং) হিসেবে বদলি করা হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত অন্য পুলিশ সদস্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে—তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

ডিএমপি সূত্র জানায়, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে ডিএমপি। অভিযোগ প্রমাণিত হলে মাসুদসহ অন্যান্য এ পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশের একটি সূত্রের দেওয়া তথ্যমতে, গত বছরের মে মাসে গুলশান থানার এসআই সামিউল ইসলাম বাড়িটি দখলে ৫০ লাখ টাকা চুক্তি করে দখলদারদের সঙ্গে। পরবর্তীতে একাধিকবার বাড়িটি দখল করার চেষ্টা করলেও তাতে ব্যর্থ হয় চক্রটি। তবে এবার ঈদের ছুটিতে সুযোগ বুঝে দখলের পরিকল্পনা বাস্তবায়ন করে থানা পুলিশের কতিপয় সদস্যরা। দীর্ঘদিন গুলশান থানায় কর্মরত রয়েছেন এসআই সামিউল ইসলাম। তার বিরুদ্ধে নানান অভিযোগ থাকলেও সবসময় বহাল তবিয়তেই রয়েছেন। কারণ, গুলশান থেকে সরিয়ে দেওয়া এসি আলী আহম্মেদ, সাবেক ওসি মাহমুদুর রহমান মঞ্জুসহ অনেককে সঙ্গে অনৈতিক সিন্ডিকেট গড়ে তোলে এই সামিউল। এসব বিষয়গুলো সামনে রেখে তদন্ত চালিয়ে যাচ্ছে ডিএমপি কমিশনার গঠিত অভ্যন্তরীণ তদন্ত দল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০ পুশইন রুখে দিল বিজিবি
ডিএমপির ওসি রাহাৎ খানের বিরুদ্ধে পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতির অভিযোগ!
ভারতের বিহারের হাসপাতালের আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪
নয়াদিল্লির অগ্নিকাণ্ডে ৮ বাংলাদেশি আহত, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা