বারিধারা থেকে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৬, ০৯:০২| আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১০:০৭
অ- অ+

রাজধানীর বারিধারা থেকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিবি প্রধানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ডিওএইচএসের ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে, একটি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে। পরোয়ানার ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।

ডিবির একজন কর্মকর্তা নাম প্রকাশ না শর্তে ঢাকাটাইমসকে জানান, রাত আড়াইটার দিকে রাজধানীর বারিধারা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ফেনীতে বৈষম্য বিরোধী মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাছাড়া বিদেশে মানবপাচারের অভিযোগও আছে তার বিরুদ্ধে।

তাকে আজই কি ফেনীতে পাঠানো হবে জানতে চাইলে ডিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'এখনো সিদ্ধান্ত হয়নি। সাবেক এই এমপির বিরুদ্ধে ঢাকায় কোনো মামলা আছে কি-না যাচাই করা হচ্ছে। যদি মামলা থাকে তাহলে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।'

মাসুদ উদ্দিন চৌধুরী ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেও পরে দল পরিবর্তন করে জাতীয় পার্টির হয়ে নির্বাচন করেন এবং বিজয়ী হন।

এক-এগারোর সময় তিনি গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন এবং সে সময় দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনায় যুক্ত ছিলেন। পরবর্তীতে ২০০৮ সালে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তার মেয়াদ একাধিকবার বাড়ানো হয়।

সেনাবাহিনী থেকে অবসরের পর তিনি জনশক্তি রফতানিসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত ছিলেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া পরবর্তী ধাপে এগিয়ে নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৪ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান, তিন কমিশনারও নিয়োগ
সারাদেশে পশু কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি, সবচেয়ে বেশি ঢাকায়
বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রবিবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা