মতিঝিলে মানব পাচার চক্রের ৪ রোহিঙ্গা সদস্য গ্রেপ্তার

রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানব পাচার চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বৃহস্পতিবার ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ফেরদৌস, নুরু বিবি দূর আক্তার, উম্মে কুলসুম এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশু।
শুক্রবার ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানার একটি হোটেলে অভিযান চালানো হয়। এ সময় হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে মানব পাচারের কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন এবং দুটি ভিসার প্রিন্ট কপি উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
এ ঘটনায় মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































