‘হেরোইন সম্রাজ্ঞী’ হোসনে আরা ও ‘ইয়াবা সম্রাট’ ইদ্রিস গ্রেপ্তার

রাজধানী ঢাকার ডেমরা ও নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকায় পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–কুখ্যাত হেরোইন সম্রাজ্ঞী হোসনে আরা বেগম ও ইয়াবা সম্রাট মো. ইদ্রিস।
রবিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ডিএনসি’র ঢাকা মেট্রো উত্তর বিভাগের উত্তরা সার্কেলের একটি বিশেষ টিম রাজধানীর ডেমরা থানাধীন সেনোয়ারা গ্রীন নামের একটি বহুতল ভবনে অভিযান চালায়। অভিযানে ভবনের চতুর্থ তলা থেকে ৪০০ গ্রাম হেরোইন ও ৫০০ পিস ইয়াবাসহ ‘হেরোইন সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত হোসনে আরা বেগমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া বটতলা এলাকায় আরেকটি অভিযানে সাগর আহম্মেদের ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া মো. ইদ্রিসের বাসা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের ধরতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে হেরোইন ঢাকায় আনা হতো এবং হোসনে আরা তা দয়াগঞ্জ এলাকায় পাইকারিভাবে সরবরাহ করতেন। অপরদিকে, জব্দকৃত ইয়াবা কুমিল্লা থেকে ঢাকায় আনা হয় এবং এর অর্থ হুন্ডির মাধ্যমে পার্শ্ববর্তী দেশে পাচার করা হতো বলে স্বীকার করেছেন ইদ্রিস।
ডিএনসি জানায়, গ্রেপ্তারকৃত দুইজনই পেশাদার মাদক কারবারি এবং তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় উত্তরা সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বাদী হয়ে ডেমরা থানা ও রূপগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































