কারাবন্দী স্বামীকে রিমান্ডে নির্যাতনের ভয় দেখিয়ে স্ত্রীর অর্থ আত্মসাৎ, আসল ডিবির হাতে ভুয়া ডিবি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৬, ১৩:০৫| আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১৩:৫৯
অ- অ+

রাজধানীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা আত্মসাৎকারী একটি প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মো. জাবেদ হোসেন।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপি জানায়, ভুক্তভোগীর স্বামী বিল্লাল হোসেন মোল্লা একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন। গত ৫ এপ্রিল সকালে তাদের বাসার ড্রাইভার রফির মোবাইল নম্বরে অজ্ঞাত এক ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে ফোন করে। পরে ভুক্তভোগী যোগাযোগ করলে প্রতারকরা নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়ে জানায়, তার স্বামীকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে এবং তাকে মুক্ত করতে ১০ লাখ টাকা দিতে হবে।

প্রতারক চক্রটি বিশ্বাসযোগ্যতা বাড়াতে ভুক্তভোগীর স্বামীর কণ্ঠস্বর নকল করে কান্নাজড়িত কণ্ঠে ফোনে কথা বলায়, যা ভুক্তভোগীকে মানসিকভাবে ভেঙে দেয়। পরে তিনি আত্মীয়-স্বজনের কাছ থেকে দ্রুত ১০ লাখ টাকা সংগ্রহ করেন।

প্রতারকদের নির্দেশনা অনুযায়ী ভুক্তভোগী মালিবাগ মোড়ে সিআইডি কার্যালয়ের সামনে যান এবং পরবর্তীতে এসএ পরিবহনের মাধ্যমে “লুৎফর জামান” নামে যাত্রাবাড়ী শাখার ঠিকানায় ১০ লাখ টাকা মানি পার্সেল করেন।

টাকা পাঠানোর পর প্রতারকরা তাকে কাশিমপুর কারাগারে গিয়ে স্বামীকে ছাড়িয়ে নেওয়ার পরামর্শ দেয়। তবে উত্তরা এলাকায় পৌঁছানোর পর প্রতারকদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেলে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং ডিবিতে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে ডিবি (ওয়ারী) বিভাগের একটি আভিযানিক দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকাল ৪টার দিকে কোতোয়ালী থানার জনসন রোড এলাকা থেকে চক্রের মূলহোতা জাবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পল্টন থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুদ্ধবিরতিতে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মতি, মধ্যপ্রাচ্যে স্বস্তির আভাস
রামিসা ধর্ষণ-হত্যার বিচার: আজ যুক্তিতর্ক উপস্থাপন, ঘোষণা হবে রায়ের তারিখ
দেশের ৪ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা