বগুড়ায় দেশের ১৩তম সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তরের গুরুত্বপূর্ণ জেলা বগুড়া পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছর পর আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনের মর্যাদা পেল। দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে পৌর ভবনে ফলক উন্মোচনের মাধ্যমে এই নতুন নগর সংস্থার যাত্রা শুরু হয়। এর মধ্য দিয়ে দেশের সিটি করপোরেশনের সংখ্যা দাঁড়াল ১৩-তে। এর আগে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশন কার্যক্রম চালিয়ে আসছে।
ঐতিহাসিকভাবে বগুড়া পৌরসভার যাত্রা শুরু হয় ১৮৭৬ সালের ১ জুলাই, ব্রিটিশ শাসনামলে। উত্তরাঞ্চলের প্রাচীন পৌরসভাগুলোর মধ্যে এটি অন্যতম। বর্তমানে পৌরসভার অধীনে ২১টি ওয়ার্ড রয়েছে এবং ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা প্রায় চার লাখ।
২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র সরকারের সময় আশপাশের ৪৮টি মৌজা যুক্ত করে পৌরসভার আয়তন বাড়িয়ে ৬৯.৫৬ বর্গকিলোমিটার করা হয়। একই সঙ্গে ওয়ার্ডসংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১-এ উন্নীত করা হয়। সে সময়ই একে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনার কথা জানানো হলেও তা বাস্তবায়নে দীর্ঘ সময় লেগেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী, সংশ্লিষ্ট সংসদ সদস্য, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন সিটি করপোরেশন হিসেবে বগুড়ার উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং পরিকল্পিত নগরায়ণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
(ঢাকাটাইমস/২০ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












