মঞ্চ, পথনাটক ও টেলিভিশনে ঢাবি শিক্ষার্থী তীর্থর অভিনয়চর্চা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তানভীর নেওয়াজ তীর্থ মঞ্চ, পথনাটক ও টেলিভিশন নাটকে কাজ করছেন। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন নাট্যপ্রযোজনায় অংশ নিয়ে তিনি অভিনয়ের অভিজ্ঞতা অর্জন করছেন।
বিভাগীয় প্রযোজনায় ‘Oedipus Rex’, ‘Tartuffe’, ‘The Seagull’ ও ‘Round Heads and Pointed Heads’ নাটকে অভিনয় করেছেন তীর্থ। এসব নাটকে ভিন্নধর্মী চরিত্রে কাজ করার মাধ্যমে তিনি বিভিন্ন ধারার নাট্যরীতির সঙ্গে পরিচিত হচ্ছেন।
বাংলা নাটকের মধ্যেও রয়েছে তার অংশগ্রহণ। ‘অভিষেক’, ‘রহিম রূপবান’ ও ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ নাটকে অভিনয় করেছেন তিনি। এছাড়া ‘সোনাই’ নাটকেও কাজ করেছেন।
একাডেমিক প্রযোজনার বাইরে মঞ্চের নেপথ্য কাজেও যুক্ত আছেন তীর্থ। ‘দুঃশাসন’ নাটকে আলোক নির্দেশনার দায়িত্ব পালন করেছেন তিনি।
সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে রোহিঙ্গা ক্যাম্প এবং খুলনার দাকোপ এলাকায় পথনাটকে অংশ নিয়েছেন এই শিক্ষার্থী। এসব কর্মসূচিতে সচেতনতামূলক বিষয় তুলে ধরা হয়।
এছাড়া ম্যাগাজিন শো'তেও কাজ করছেন তীর্থ। সম্প্রতি ‘ইত্যাদি’ অনুষ্ঠানের ঈদ পর্বে অংশ নেওয়ার পাশাপাশি বিজ্ঞাপন, শর্ট ফিল্ম ও অনলাইন কনটেন্টে অভিনয় করেছেন তিনি।
তীর্থ বলেন, অভিনয়ের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করাই তার মূল লক্ষ্য। ভবিষ্যতে এই মাধ্যমেই কাজ চালিয়ে যেতে চান তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































