চোখ বেঁধে ১০টি মাস্ক পরে গিনেস রেকর্ড গড়লেন সিফাত

চোখ বেঁধে মাত্র ১০ দশমিক ৩২ সেকেন্ডে ১০টি সার্জিক্যাল মাস্ক পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন পিরোজপুরের মঠবাড়িয়ার তরুণ সিফাত আকন (১৮)। গত ২৮ এপ্রিল ই-মেইলের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তার এই অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।
সিফাত আকন মঠবাড়িয়া উপজেলার ধনীসাফা ইউনিয়নের ফুলজুড়ী গ্রামের বাসিন্দা। তার বাবা আবদুল জলিল একজন বনরক্ষী এবং মা সুরমা বেগম গৃহিণী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে একটি পত্রিকায় বিশ্বরেকর্ড সংক্রান্ত প্রতিবেদন পড়ে অনুপ্রাণিত হন সিফাত। এরপর তিনি নিজেও একটি রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করেন। খোঁজখবর নিয়ে জানতে পারেন, বাংলাদেশ থেকেও অনেকে গিনেস বুকে নাম লিখিয়েছেন সেখান থেকেই তার আগ্রহ আরও বাড়ে।
করোনাকালে মাস্ক ব্যবহারের বিষয়টি মাথায় রেখে ব্যতিক্রমী এ রেকর্ড গড়ার পরিকল্পনা করেন তিনি। এর আগে এ রেকর্ডটি এক ভারতীয় নাগরিকের দখলে ছিল, যিনি ১১ দশমিক ৫৪ সেকেন্ড সময় নিয়েছিলেন। সিফাত সেই সময় ১ দশমিক ২২ সেকেন্ড কমিয়ে নতুন রেকর্ড গড়েন।
নিজের অনুভূতি জানাতে গিয়ে সিফাত বলেন, প্রায় নয় মাসের কঠোর পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাসের ফল এই সাফল্য। শুরুতে যেখানে ২৫–২৬ সেকেন্ড সময় লাগত, সেখানে নিয়মিত অনুশীলনের মাধ্যমে সময় কমিয়ে ১০ দশমিক ৩২ সেকেন্ডে নামিয়ে আনতে সক্ষম হন।
তিনি জানান, সঠিক দিকনির্দেশনার অভাবে ইউটিউব ও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হয়েছে। পাশাপাশি আগের রেকর্ডধারীদের সঙ্গেও যোগাযোগ করেছেন। পরিবারের সদস্য ও বন্ধুদের সহযোগিতা তাকে এগিয়ে যেতে সহায়তা করেছে।
সিফাতের মা সুরমা বেগম বলেন, ছেলের এমন অর্জনে তারা গর্বিত। অনুশীলনের সময় পরিবার থেকে তাকে সব সময় উৎসাহ দেওয়া হয়েছে।
স্থানীয় ফুলজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন হোসেন বলেন, সিফাতের এই অর্জন শুধু তার পরিবারের নয়, পুরো এলাকার গর্ব।
বিশ্বরেকর্ড গড়ার পর থেমে নেই সিফাত। তিনি বর্তমানে আরও দুটি নতুন রেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছেন এক মিনিটে সর্বোচ্চসংখ্যক মানুষকে আলিঙ্গন করা এবং এক মিনিটে দ্রুততম হ্যান্ডশেক করার রেকর্ড।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












