রাতভর ছিনতাই: মোহাম্মদপুরে পুলিশের গুলিতে থামল ছিনতাইকারীদের মোটরসাইকেল দৌরাত্ম্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২৬, ২০:০০
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে ছিনতাইকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার (১১ মে) ভোরে মোহাম্মদপুর টাউন হল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মোটরসাইকেলে করে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ছিনতাই করত একটি চক্র। তারা অটোরিকশা যাত্রী ও পথচারীদের কাছ থেকে মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যেত।

অভিযানে ছিনতাইকারীদের কাছ থেকে বিভিন্ন ধরনের ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, একটি খেলনা পিস্তল এবং ছিনতাই করা ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পলাশ ও সাকিব— আপন দুই ভাই এবং বিপ্লব হোসেন, যিনি তাদের বোনজামাই বলে জানিয়েছে পুলিশ। তাঁদের সবাই গাজীপুরের টঙ্গী পূর্ব থানার হেমাদিঘী টিএনটি মোল্লা গ্যারেজ এলাকার বাসিন্দা।

পুলিশের তথ্য অনুযায়ী, ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় ছিনতাইয়ের সময় পুলিশের নজরে আসে চক্রটি। পরে ধাওয়া দিলে তারা মোহাম্মদপুরের দিকে পালিয়ে যায়। টাউন হল এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ চার রাউন্ড গুলি ছোড়ে, এতে একজন ছিনতাইকারী পায়ে গুলিবিদ্ধ হন। এ সময় তিনজনকে আটক করা হয়।

এ ঘটনায় রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি প্রশাসন) মীর আসাদুজ্জামান বলেন, ‘গত রাত থেকেই আমরা মোটরসাইকেলভিত্তিক ছিনতাই চক্রের সদস্যদের ধরার চেষ্টা করছিলাম। ভোরে তারা আবার ছিনতাইয়ের চেষ্টা করলে ধাওয়া করা হয়। পরে টাউন হল এলাকায় তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে আমরা চার রাউন্ড গুলি করি।’

তিনি আরও জানান, চক্রটির পাঁচ সদস্য ছিল। এদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে।

এদিকে গ্রেপ্তারের খবর পেয়ে থানায় যান এক ভুক্তভোগী। তিনি পুলিশ স্টাফ কলেজে কর্মরত পুলিশ সুপার শামীমা ইয়াসমিন। তিনি জানান, দুই দিন আগে ল্যাবএইড হাসপাতালের সামনে অটোরিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর ব্যাগ ছিনিয়ে নেয়।

তিনি বলেন, ‘প্রথমে ভেবেছিলাম ধাক্কা লেগেছে। পরে দেখি ব্যাগ নিয়ে চলে গেছে। থানায় এসে জানতে পারলাম চক্রটি ধরা পড়েছে, তাই এসেছিলাম।’

পুলিশ জানিয়েছে, চক্রটি একই পরিবারের সদস্য এবং দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা