ঝিনাইদহের তিন মহাসড়কে অবৈধ যান চলাচল নিষিদ্ধ ঘোষণা হাইওয়ে পুলিশের

ঝিনাইদহের মহাসড়কে নছিমন, করিমন, আলমসাধু ও ব্যাটারিচালিত বিভিন্ন অবৈধ যানবাহনের চলাচল বন্ধে কঠোর অবস্থানে গেছে হাইওয়ে পুলিশ। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ঝিনাইদহের তিনটি গুরুত্বপূর্ণ মহাসড়কে এসব যানবাহন চলাচল নিষিদ্ধ করে জরুরি ঘোষণা দিয়েছে আরাপপুর হাইওয়ে থানা।
ঘোষণায় বলা হয়েছে, ‘ব্যাটারিচালিত নছিমন, করিমন, আলমসাধু, গ্রামবাংলা, অটোটেম্পু ও ইজিবাইক চালকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অদ্য হতে ঝিনাইদহ -চুয়াডাঙ্গা, ঝিনাইদহ-মাগুরা ও ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এসব যানবাহন চলাচল করতে পারবে না।’
মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে সতর্ক করে ঘোষণায় আরও বলা হয়, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো যানবাহন চলাচল করলে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যানবাহন জব্দ বা বাজেয়াপ্ত করা হবে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই এসব ধীরগতির ও ঝুঁকিপূর্ণ যানবাহন মহাসড়কে চলাচল করায় দুর্ঘটনা বাড়ছিল। বিশেষ করে ব্যস্ত সড়কগুলোতে নছিমন-করিমন ও ইজিবাইকের কারণে প্রায়ই যানজট ও দুর্ঘটনার ঘটনা ঘটছে। এ অবস্থায় হাইওয়ে পুলিশের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল।
আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর আলী বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মহাসড়কে অবৈধ এসব যানবাহন চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চালকদের সতর্ক করতে ইতোমধ্যে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। অবৈধ যান চলাচল বন্ধ করতে পারলে সড়কে দুর্ঘটনার সংখ্যাও কমবে।
(ঢাকাটাইমস/১২মে/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































