ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
এর আগে ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ঈদ উপলক্ষে ২৫ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়। এর ফলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি ভোগের সুযোগ পাচ্ছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রবিবার) পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে ছুটি সমন্বয়ের জন্য ২৩ ও ২৪ মে (শনিবার ও রোববার) অফিস খোলা থাকবে।
সরকার বলছে, ঈদযাত্রা নির্বিঘ্ন ও জনভোগান্তি কমাতে দীর্ঘ ছুটির এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
যেসব সেবা ছুটির বাইরে
প্রজ্ঞাপনে জরুরি পরিষেবাগুলোকে ছুটির আওতার বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা সেবা, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা।
এ ছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক-কর্মচারী, ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহনসংশ্লিষ্ট কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন।
সরকার জানিয়েছে, জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসও খোলা থাকবে। ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রম নিয়ে নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।
অন্যদিকে, বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানার ছুটি বিষয়ে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পৃথক নির্দেশনা দেবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












