অগ্রিম আয়করের প্রস্তাবে আপত্তি জানিয়ে এনবিআরে বাইকারদের স্মারকলিপি

ইঞ্জিনের ক্ষমতার (সিসি) ভিত্তিতে মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর আরোপের সম্ভাব্য প্রস্তাবের বিরোধিতা করে জাতীয় রাজস্ব বোর্ড–এ স্মারকলিপি দিয়েছেন বাইকাররা।
আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে মানববন্ধনও করেন তাঁরা।
স্মারকলিপিতে বলা হয়, আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে ১১১ থেকে ১২৫ সিসির মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের জন্য ১০ হাজার টাকা অগ্রিম আয়কর আরোপের আলোচনা চলছে। এতে দেশের বিপুলসংখ্যক মোটরসাইকেল ব্যবহারকারীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বাইকারদের দাবি, মোটরসাইকেল এখন অনেকের জন্য প্রয়োজনীয় যাতায়াতের মাধ্যম। এ ধরনের কর আরোপ করা হলে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ব্যবহারকারীরা বাড়তি আর্থিক চাপে পড়বেন।
এনবিআর সূত্র জানিয়েছে, আগামী বাজেটে মোটরসাইকেলের ওপর এ ধরনের কর আরোপের বিষয়টি নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা হচ্ছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












