বাংলাদেশ থেকে ৬ হাজার চালক নেবে দুবাই, ইন্টারভিউ শুরু সোমবার

চলতি বছরে বাংলাদেশ থেকে নতুন করে ৬ হাজার দক্ষ চালক নিয়োগ দেবে দুবাই ট্যাক্সি কোম্পানি। এ লক্ষ্যে আগামীকাল সোমবার থেকে রাজধানীর বাংলাদেশ–কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চালক নিয়োগের সাক্ষাৎকার শুরু হবে।
আজ রবিবার রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে দক্ষ চালক নিয়োগের জন্য দুবাই ট্যাক্সি কোম্পানিকে ধন্যবাদ জানানো হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। পুরো প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
তিনি আরও বলেন, দুবাইয়ে প্রশিক্ষণকালীন সময়েও কর্মীদের বেতন–ভাতার ব্যবস্থা রাখা উচিত। পাশাপাশি বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্সসহ অন্যান্য পেশার কর্মী নিয়োগের বিষয়েও অনুরোধ জানানো হয়েছে।
দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমুজিন চালক হিসেবে কাজ করছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও পরিশ্রমের কারণে তাদের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হয়।
তারা আরও জানান, আগামীকাল থেকে শুরু হওয়া সাক্ষাৎকারের মাধ্যমে নতুন করে প্রায় দেড় হাজার চালক বাছাই করা হবে। চলতি বছর মোট ৬ হাজার বাংলাদেশি চালক নিয়োগের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, দুবাই যেতে বাংলাদেশি চালকদের অনেক অর্থ ব্যয় হয়। অধিকাংশ কর্মী ঋণ নিয়ে বিদেশে যান। তাই অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা জানান, চালকের পাশাপাশি বাংলাদেশ থেকে ক্লিনার, টেকনিশিয়ান ও মেকানিক নিয়োগের বিষয়েও তারা আগ্রহী।
বৈঠকে মন্ত্রণালয়ের সচিবসহ দুবাই ট্যাক্সি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












