শুধু পদ্মা নয়, তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে সরকার: প্রধানমন্ত্রী

শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা ব্যারাজ প্রকল্পও বর্তমান সরকার হাতে নেবে বলে অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার বিকালে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে সুধী সমাবেশে যোগ দিয়ে এ অঙ্গীকার করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “শুষ্ক মৌসুমে কৃষি জমিতে স্বাভাবিক পানি সরবরাহ নিশ্চিত করতে সরকার পদ্মা ব্যারাজ প্রকল্প হাতে নিচ্ছে। কেউ কেউ সস্তা জনপ্রিয়তার জন্য নানা কথা বলতে পারেন। তবে বর্তমান সরকার আবারও প্রতিশ্রুতি দিচ্ছে, শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেওয়া হবে।”
তিনি বলেন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার দেশের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। মাটির নিচে পানির স্তর নেমে যাওয়ায় কৃষকরা সেচ সংকটে পড়ছেন। এ সমস্যা মোকাবিলায় সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ আসবে যা নিয়ন্ত্রণ করা যায় না। বাসস্থানের জন্য অন্যান্য অবকাঠামো নির্মাণ হচ্ছে, গাছপালা কাটা যাচ্ছে। ফসলি জমি থাকছে না। যে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ হতে যাচ্ছে, সেখানে অনেকে দুর্যোগ সম্পর্কে প্রশিক্ষণ নেবে।’
তারেক রহমান বলেন, ‘গরিব দেশ আমরা, সম্পদ কম। সম্পদকে রক্ষা করতে পারলে উন্নত দেশে উন্নীত করতে পারব। প্রকৃতিকে ঠিক রাখতে হবে।’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












