সাবেক সচিব ও রাষ্ট্রদূত এম মুনির-উজ-জামান আর নেই

বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও রাষ্ট্রদূত এম মুনির-উজ-জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বার্ধক্যজনিত জটিলতায় নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
আজ শুক্রবার জুমার নামাজের পর গুলশান আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
এম মুনির-উজ-জামান ১৯৫৮ ব্যাচের সিএসপি কর্মকর্তা ছিলেন। কর্মজীবনে তিনি প্রশাসন ও কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে সহকর্মী ও স্বজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের উইলিয়ামস কলেজে পড়াশোনা করেন। পাকিস্তান আমলে সিভিল সার্ভিসে যোগ দিয়ে তিনি কিশোরগঞ্জের এসডিও, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) এবং পাকিস্তান সরকারের বৈদেশিক অর্থ বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ইপিএসসিআইসির চেয়ারম্যানও ছিলেন।
স্বাধীনতার পর বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর মধ্যে বিদ্যুৎ, পানি, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন–সংশ্লিষ্ট দপ্তর এবং বৈদেশিক সম্পদ বিভাগ উল্লেখযোগ্য।
অবসরের পর বিশ্বব্যাংক গ্রুপে সিনিয়র কনসালট্যান্ট হিসেবে কাজ করেন এম মুনির-উজ-জামান। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হোয়াইট পেপার সেলের প্রধান পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শেষ দিকে তিনি ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
এম মুনির-উজ-জামান ছিলেন ব্রিটিশ বাংলার বিধানসভার সাবেক সদস্য মরহুম এম তোফাজ্জল হোসেনের জ্যেষ্ঠ পুত্র।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, পাঁচ নাতি-নাতনি ও পাঁচ প্রপৌত্র-প্রপৌত্রী রেখে গেছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































