বেনজীর আহমেদকে দেশে আনা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
রবিবার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদমাধ্যমে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১২ জুন আবুধাবির মাধ্যমে বাংলাদেশ সরকারকে বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
সালাউদ্দিন আহমেদ বলেন, বেনজীর আহমেদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে।
এদিকে পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দুদকের মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। গত ১২ জুন এ বিষয়ে বাংলাদেশ পুলিশকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে দুবাই কর্তৃপক্ষ।
তিনি বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তার প্রত্যর্পণ বা দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকেও বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রক্রিয়া শুরু করা হবে। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হবে।
উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এসব মামলার সূত্র ধরেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































