মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২৬, ১৫:২১| আপডেট : ২১ জুন ২০২৬, ১৫:২২
অ- অ+

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুর পৌনে ৩টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, এ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশনার শুহাদা ওসমান, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে রোববার দুপুর ২টার পর রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর। ছয় দিনের এই গুরুত্বপূর্ণ সফরে তিনি ২১ ও ২২ জুন মালয়েশিয়ায় এবং ২৩ থেকে ২৬ জুন চীনে অবস্থান করবেন। সফর শেষে আগামী ২৬ জুন দেশে ফেরার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর ঢাকা, কুয়ালালামপুর ও বেইজিংয়ের মধ্যকার অর্থনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণ, বাংলাদেশি কর্মী নিয়োগ, বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় স্থান পাবে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন সফরের সময় বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে প্রায় ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকল অন্তর্ভুক্ত রয়েছে।

সরকারের আশা, এই সফরের মাধ্যমে দুই দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার হবে।

(ঢাকাটাইমস/২১ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা, সেনা মোতায়েন
সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার
১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী: 'যদি কেউ ঝুঁকি তৈরি করতে চাই, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে': র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা