লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলের আবারও বিমান হামলা, নিহত ২৭

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার পরও দক্ষিণ ও পূর্ব লেবাননে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার বিকাল পর্যন্ত চালানো এসব হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের গণমাধ্যম ও জরুরি সেবাকর্মীরা।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা হিজবুল্লাহকে লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করেছে। তাদের অভিযোগ, যুদ্ধবিরতির একদিন পরই ইরান-সমর্থিত এই গোষ্ঠী ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়ে চুক্তি লঙ্ঘন করেছে।
আইডিএফ জানিয়েছে, তারা রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আইডিএফকে ‘গুলি বন্ধ রাখার’ নির্দেশ দিয়েছেন। চ্যানেল ১২ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের পর এই নির্দেশনা জারি করা হয়।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইসরায়েল তার উত্তর সীমান্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননে অবস্থান বজায় রাখবে। তিনি আরও বলেন, হিজবুল্লাহর যেকোনো হামলার জবাবে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে এবং নিরাপত্তা হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বিবৃতিতে দাবি করা হয়, গত দুই দিনে হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েল ৩০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং প্রায় ১০০ জনকে হত্যা করেছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইসরায়েলি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ আবার হামলা চালালে আরও কঠোর জবাব দেওয়া হবে। আইডিএফ তাৎক্ষণিকভাবে নিজেদের কোনো ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি এবং এসব হামলাকে ‘যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে।(ঢাকাটাইমস/২১ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































