ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ছয় দিন পর রাজধানী কারাকাসে ধ্বংসস্তূপের নিচ থেকে মঙ্গলবার তিন বছর বয়সী এক ছেলেশিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। জর্ডানের উদ্ধারকারী দল এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহের ওই ভূমিকম্পে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
উদ্ধারের ভিডিওতে দেখা যায়, শিশুটিকে খুঁজে পাওয়ার পর উদ্ধারকর্মীরা আনন্দে উল্লাস করছেন। অলৌকিকভাবে সে বেঁচে ছিল।
কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জর্ডানের সিভিল ডিফেন্স এক বিবৃতিতে জানায়, শিশুটিকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
আরেকটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা টিস্যু দিয়ে শিশুটির মুখ মুছে দিচ্ছেন। পরে তাকে কম্বল দিয়ে ঢেকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়।
বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টাই ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষকে জীবিত উদ্ধারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।
জর্ডানের বিবৃতিতে বলা হয়, শিশুটির শারীরিক গুরুত্বপূর্ণ লক্ষণ স্বাভাবিক ছিল। উদ্ধার অভিযানের বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গত সপ্তাহে রিখটার স্কেলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এটি ছিল ল্যাটিন আমেরিকার ইতিহাসের অন্যতম ভয়াবহ ভূমিকম্প। এতে পুরো আবাসিক ভবনধসে পড়ে। কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপে আটকে পড়া জীবিতদের উদ্ধারে জোর তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। রাজধানী কারাকাসের উত্তরে অবস্থিত লা গুয়াইরা এলাকার সব ভবনই বিধ্বস্থ হয়। রাজধানী কারাকাসেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ভেনেজুয়েলার পার্লামেন্টের প্রেসিডেন্ট হোর্হে রড্রিগেজ মঙ্গলবার জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ৬ হাজার ৪৬১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































