উইলস লিটল ফ্লাওয়ারে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা: মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে এ আবেদন করেন। বিচারক শাহজাহান কবির আগামী ৮ জুলাই আসামির উপস্থিতিতে আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি।
মামলার নথি অনুযায়ী, বিধি অনুযায়ী বিশেষ গভর্নিং কমিটির শিক্ষক নিয়োগের ক্ষমতা না থাকলেও অবৈধভাবে একটি নিয়োগ বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডে শিক্ষা অধিদপ্তরের (ডিজি) প্রতিনিধি কিংবা বিষয়ভিত্তিক শিক্ষক রাখা হয়নি।
অভিযোগে বলা হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তিতে জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ বাধ্যতামূলক থাকলেও তা ছাড়া প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এছাড়া লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া একজন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি।
দুদকের অনুসন্ধানে আরও উঠে এসেছে, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয়। এসব অনিয়ম ও প্রতারণার মাধ্যমে পূর্বপরিচিত ১৩ জন প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় রাশেদ খান মেননসহ মোট ২০ জনের বিরুদ্ধে গত বছরের ২২ ডিসেম্বর মামলা দায়ের করে দুদক। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
(ঢাকাটাইমস/২ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































