নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়বে?

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এ-সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে। নতুন বেতন কাঠামোতে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের চাকরিজীবীরা তুলনামূলক বেশি সুবিধা পেতে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বর্তমানে সরকারি কর্মচারীরা সব গ্রেডে গড়ে ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পান। তবে নবম পে-স্কেলের খসড়া প্রস্তাবে ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেড পর্যন্ত এই হার ৫ শতাংশ বহাল রাখার সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া ৫ম গ্রেডের জন্য ইনক্রিমেন্ট ৪ শতাংশ, ৩য় ও ৪র্থ গ্রেডের জন্য ৩ দশমিক ৫ শতাংশ এবং ২য় গ্রেডের জন্য ২ দশমিক ৭৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ১ম গ্রেডের বেতন বৃদ্ধির হার আলাদাভাবে নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন পে-স্কেলের অন্যতম লক্ষ্য হলো উচ্চ ও নিম্ন গ্রেডের বেতনের ব্যবধান কমানো। বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতনের অনুপাত ১:৯ দশমিক ৪ হলেও নতুন কাঠামোতে তা কমিয়ে ১:৭ দশমিক ৫-এ নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
নবম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রণীত খসড়ায় মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের এক জরিপে অংশ নেওয়া প্রায় ১ লাখ ৬৭ হাজার ৫০০ সরকারি চাকরিজীবীর অধিকাংশই মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন ও ইনক্রিমেন্ট নির্ধারণের পক্ষে মত দিয়েছেন।
নতুন কাঠামো অনুযায়ী, বর্তমানে ২০তম গ্রেডের একজন কর্মচারীর মোট বেতন-ভাতা ১৬ হাজার ৯৫০ টাকা হলেও নতুন পে-স্কেল কার্যকর হলে তা প্রায় ৪১ হাজার ৯০৮ টাকায় উন্নীত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি কার্যকর হবে। পরে ২০২৭-২৮ অর্থবছর থেকে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা বাস্তবায়ন করা হতে পারে।
মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সাম্প্রতিক এক উচ্চপর্যায়ের বৈঠকে নবম বেতন কমিশনের সুপারিশ দ্রুত মন্ত্রিসভায় উপস্থাপনের সিদ্ধান্ত হয়েছে। অর্থমন্ত্রীর অনুমোদনের পর এ বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়।
নতুন পে-স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের আয় বাড়ার পাশাপাশি বেতন কাঠামোয় বৈষম্যও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































