আনসারের ৫২০ নারী সদস্যের জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৬, ১৮:৫৪
অ- অ+

বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৫২০ জন নারী ভিডিপি সদস্যের জন্য জাপানি ভাষা প্রশিক্ষণ শুরু হয়েছে। দেশের ১৩টি প্রশিক্ষণ কেন্দ্রে একযোগে ৯০ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, এটি শুধু ভাষা শেখানোর কর্মসূচি নয়; বরং পিছিয়ে থাকা ও সম্ভাবনাময় নারী সদস্যদের আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার একটি উদ্যোগ। তিনি জানান, জাপানি ভাষা শিক্ষা শেষ হওয়ার পর প্রশিক্ষণার্থীদের জাপানে কর্মসংস্থান, আবাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়েও পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, আবাসিক প্রশিক্ষণের পরিবেশ কাজে লাগিয়ে নিয়মিত জাপানি ভাষায় অনুশীলনের মাধ্যমে দক্ষতা বাড়াতে হবে। একই সঙ্গে জাপানের ভাষা, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ ও কর্মপরিবেশ সম্পর্কে ধারণা অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি।

আনসার সূত্র জানায়, গাজীপুরের আনসার-ভিডিপি একাডেমি, ঢাকার নবাবগঞ্জ ভিটিসিসহ ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, চট্টগ্রাম, ফেনী, নওগাঁ, হবিগঞ্জ, চাঁদপুর ও কক্সবাজারে জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে এই প্রশিক্ষণ পরিচালিত হবে।

কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হিসেবে রয়েছে স্কিল আপ ও এডসেক বাংলাদেশ। স্কিল আপ জাপানি ভাষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পরিচালনা করবে। আর জাপানের এডসেক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এডসেক বাংলাদেশ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের জাপানে কর্মসংস্থান, আবাসন ও অন্যান্য সহায়তা দিতে কাজ করবে।

আনসার জানায়, জাপানের কেয়ারগিভার, হোটেল ও আতিথেয়তা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষি এবং খাদ্যসেবা খাতে বিদেশি কর্মীদের চাহিদা রয়েছে। এসব খাতে কাজের জন্য জাপানি ভাষায় অন্তত জেএলপিটি (JLPT) এন-৫ সমমানের দক্ষতা প্রয়োজন হয়।

বাহিনীর আশা, ২০২৬–২৭ অর্থবছরে বাস্তবায়নাধীন এ উদ্যোগ নারী সদস্যদের ভাষাগত ও পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রেঞ্জ কমান্ডার, জেলা কমান্ড্যান্ট এবং প্রশিক্ষণার্থীরা ভার্চুয়ালি অংশ নেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষককে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতোই মনে করতে হবে: শিক্ষামন্ত্রী
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
চিকিৎসা নিতে আসা নারীকে শ্লীলতাহানি, মারধর ও প্রাণনাশের হুমকি: গ্রেপ্তার ২