চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২৬, ১২:৫১
অ- অ+

আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন অভিযোগে চাকরি হারানো পুলিশ সদস্যরা পুনর্বহালের দাবি জানিয়েছেন। এ দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন তারা।

সোমবার সকালে অনুষ্ঠিত মানববন্ধনে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা বলেন, তারা অন্যায় রাজনৈতিক প্রতিহিংসা ও বৈষম্যের শিকার হয়ে চাকরি হারিয়েছেন। তাদের দাবি, অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অপরাধ ছিল না এবং যথাযথ বিভাগীয় তদন্ত ছাড়াই চাকরিচ্যুত করা হয়েছিল।

মানববন্ধনে অংশ নেওয়া পুলিশ সদস্যরা জানান, তারা ১ হাজার ৫২২ জন পুলিশ কর্মকর্তা ও কর্মচারীর প্রতিনিধিত্ব করছেন। তাদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে এবং ভিন্নমত দমনের অংশ হিসেবে সৎ ও যোগ্য অনেক পুলিশ সদস্যকে অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।

তারা বলেন, পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের সময়ে ন্যায়বিচারের দাবিতে আবেদন জানালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানবিক দিক বিবেচনা করে চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহালের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়। এরপর পুলিশ সদর দপ্তর একজন ডিআইজির নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে।

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের দাবি, ওই কমিটি দীর্ঘ পর্যালোচনার পর চারটি সুপারিশ দেয়। এর মধ্যে একটি সুপারিশে বিভাগীয় মামলা নিষ্পত্তির প্রক্রিয়ায় ত্রুটি-বিচ্যুতির বিষয়টি উল্লেখ করা হয়েছে। তাদের মতে, এ সুপারিশই প্রমাণ করে যে তাদের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তে অসঙ্গতি ছিল।

তারা আরও দাবি করেন, ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তরের পুলিশ মিডিয়া সেল বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছিল, অন্যায়ভাবে চাকরি হারানো ১ হাজার ৫২২ জন পুলিশ সদস্যকে শিগগিরই পুনর্বহাল করা হবে। এতে তাদের পরিবারে আশার সৃষ্টি হলেও এখনো সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি।

মানববন্ধনে চাকরিচ্যুত সাবেক এসআই মামুন সিরাজুল হক বলেন, তারা কোনো অন্যায্য সুবিধা চাইছেন না, বরং ন্যায়বিচার ও জীবিকার অধিকার ফিরে পেতে চান।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী দেশের অভিভাবক। আমরা তার কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্বহালের আদেশ এবং পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নে সরাসরি ও মানবিক হস্তক্ষেপ কামনা করছি।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর একটি ইতিবাচক সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে সংকটে থাকা ১ হাজার ৫২২টি পুলিশ পরিবারের জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে পারে। তাদের আবারও দেশের সেবায় কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে অংশ নেওয়া পুলিশ সদস্যরা দ্রুত পুনর্বহালের আদেশ কার্যকর এবং তাদের চাকরি ও সম্মান ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

(ঢাকাটাইমস/২৭ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ দিনেও খোঁজ নেই বাংলাদেশ বিমানের কেবিন ক্রু মীর্জা আদনানের, উদ্বিগ্ন পরিবার
Semiconductors: A New Economic Opportunity, A New Prospect for Bangladesh
আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি
অর্থনীতিতে নতুন সম্ভাবনা সেমিকন্ডাক্টর, বাংলাদেশের জন্য নতুন সুযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা