গুলশানের বাসায় ফিরলেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পদত্যাগের পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানের নিজস্ব বাসায় ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রবিবার বিকাল ৩টার দিকে তিনি গুলশানের ১২৩ নম্বর সড়কের নিজ বাসভবন ‘গ্রিন ভিলা’য় পৌঁছান। এ সময় তাঁর বাসার সামনে পুলিশ ও সেনা সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়।
এর আগে দুপুর ২টা ২৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে বঙ্গভবন থেকে গুলশানের উদ্দেশে রওনা হন মো. সাহাবুদ্দিন।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হলেও তিনি দায়িত্ব পালন করেন তিন বছর তিন মাস।
২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন মো. সাহাবুদ্দিন। তাঁর পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
বঙ্গভবন ছাড়ার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তাঁর সরকারি বাসভবনে অবস্থানেরও আনুষ্ঠানিক সমাপ্তি হলো।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































