সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যাচাই করছে সরকার: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৬, ১৬:২৫
অ- অ+

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার এবং ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অভিযোগগুলোর তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রবিবার দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সরকার চায় না অন্যায়ভাবে কেউ হয়রানির শিকার হোক। তবে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যথাযথভাবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি সিদ্ধান্ত নেওয়া হবে।

নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানে যেভাবে নির্দেশনা রয়েছে, সরকার সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এ বিষয়ে দেশবাসীকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্যে বিগত সরকারের সময়ের দুর্নীতির প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, গত ১৬ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে, যা কয়েকটি জাতীয় বাজেটের সমপরিমাণ। তিনি অভিযোগ করেন, খুলনায় পৌনে চার কিলোমিটার সড়ক নির্মাণে ২৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল এবং পিরোজপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার প্রকল্পে অনিয়ম হয়েছে।

জুলাই–আগস্ট গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলার বিষয়ে আইনমন্ত্রী বলেন, এসব মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হবে এবং দ্রুত নিষ্পত্তির জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে বর্তমানে মিথ্যা মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও দাবি করেন তিনি।

নবীন আইনজীবীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, আইন পেশায় সফল হওয়ার কোনো শর্টকাট নেই। প্রতিনিয়ত শেখার মাধ্যমে দক্ষতা অর্জন করতে হয়। তিনি অর্থের চেয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা, পেশাগত সততা বজায় রাখা এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় এক হাজারের বেশি নবীন আইনজীবী অংশ নেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নওগাঁয় পানিতে ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু
হামের উপসর্গে এক দিনে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১,১৬০
দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের জাহাজডুবি, নিখোঁজ ২৩
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা