বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রবিবার দুপুরে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত নিজের বাসভবনের উদ্দেশে রওনা হন।
বঙ্গভবন সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টা ২৫ মিনিটে মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ত্যাগ করেন। সেখান থেকে তিনি গুলশানে অবস্থিত তাঁর ব্যক্তিগত বাসভবন ‘গ্রিন ভিলা’র উদ্দেশে যান।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হলেও মো. সাহাবুদ্দিন দায়িত্ব পালন করেন তিন বছর তিন মাস। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সাংবিধানিক বিভিন্ন দায়িত্বের পাশাপাশি রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। পদত্যাগের মধ্য দিয়ে তাঁর রাষ্ট্রপতির দায়িত্বের সমাপ্তি ঘটে। আর রবিবার বঙ্গভবন ত্যাগের মাধ্যমে সরকারি বাসভবনে তাঁর অবস্থানেরও আনুষ্ঠানিক ইতি হলো।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































