রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে দুটি মনোনয়ন ফরম নিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৬, ১৭:৩৪
অ- অ+

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি।

আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয় থেকে ফরম দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, একজন প্রার্থীর জন্যই ফরম নেওয়া হয়েছে। তবে মনোনয়নপত্রে কোনো ধরনের ভুল-ত্রুটি থাকলে যাতে সমস্যা না হয়, সে জন্য দুটি ফরম সংগ্রহ করা হয়েছে। কোনো ব্যক্তির নামে ফরম দুটি সংগ্রহ করা হয়নি। তফসিল অনুযায়ী বিএনপি মনোনয়নপত্র জমা দেবে।

গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর আগামী ২০ আগস্ট ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোট গ্রহণ করা হবে।

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। আজ রবিবার জোটটি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত করেছে।

একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে ১৯৯১ সালের পর এটিই হবে একাধিক প্রার্থীর অংশগ্রহণে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে পরাজিত করেছিলেন। এরপর অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জাতীয় সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকা বিএনপির প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারেন না।

রাষ্ট্রপতি পদে একই প্রার্থীর জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ রয়েছে। একটি মনোনয়নপত্রে কোনো ভুল বা ত্রুটি থাকলে বিকল্পটি বিবেচনায় নেওয়ার সুযোগ রাখতেই সাধারণত দুটি ফরম নেওয়া হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসিনার সাহস থাকলে দেশে এসে আইনের মুখোমুখি হোক: ডা. জাহিদ
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন কারাগারে
পোস্তগোলায় ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১
রাষ্ট্রপতি নির্বাচনে এমপি গাজী নজরুল ভোট দিতে পারবেন কি না? যা জানালেন শিশির মনির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা