মগবাজারে লরির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৫

রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় নিয়ন্ত্রণ হারানো কনটেইনারবাহী লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
রবিবার (৯ আগস্ট) মধ্যরাতে মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দ্রুতগতির একটি কনটেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা, দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা ও একটি মোটরসাইকেল লরির নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত এবং পাঁচজন আহত হন।
নিহতরা হলেন—নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকিরপাড়া গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে জামান আহমেদ (৪২) এবং একই এলাকার লিয়াকত ফকিরের ছেলে রিয়াদ হোসেন (২২)। আহতদের মধ্যে রিপন (৪০) নামে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তিনি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গলতলী গ্রামের মৃত মোতালিব সরদারের ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রিয়াদ ও জামানকে মৃত ঘোষণা করেন। আহত রিপনসহ অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভার থেকে নামার সময় দ্রুতগতিতে আসা লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যানবাহনগুলোকে সজোরে ধাক্কা দেয়। এতে কয়েকটি যানবাহন দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর সড়কে রক্তের দাগও দেখা যায়।
দুর্ঘটনার পর লরির চালক ও সহকারী গাড়িটি ফেলে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে পুলিশ লরিটি হেফাজতে নেয়। চালক ও সহকারীকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
পুলিশ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং লরির চালকের পরিচয় শনাক্তে তদন্ত চলছে।
নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়ে রমনা থানা পুলিশ তদন্ত করছে। একই সঙ্গে দায়ী চালককে আইনের আওতায় আনতে অভিযান চলছে।
(ঢাকাটাইমস/১০ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































