হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সপ্তাহের প্রথম কার্যদিবসে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—দুই ধরনের তেলের দামই ঊর্ধ্বমুখী হয়েছে। খবর রয়টার্স’র।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় রাত ১২টা ৫৬ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৯১ সেন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৪৬ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে গত সপ্তাহে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে দুই ধরনের অপরিশোধিত তেলের দামই ৭ শতাংশের বেশি কমেছিল। তখন ইরান ও ওমানের মধ্যে সম্ভাব্য সমঝোতার খবরে গুরুত্বপূর্ণ এই নৌপথটি দ্রুত চালু হতে পারে বলে ধারণা করা হয়েছিল।
বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় হরমুজ প্রণালির গুরুত্ব অত্যন্ত বেশি। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিবহন করা হতো। ফলে প্রণালিটি বন্ধ বা সীমিত থাকলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং এর প্রভাব পড়ে দামে।
এদিকে ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে একটি সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে সমঝোতা বাস্তবায়নের আগে যুক্তরাষ্ট্রকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে তেহরান।
ফলে ইরান-ওমান আলোচনায় অগ্রগতি হলেও হরমুজ প্রণালি ঠিক কবে পুনরায় খুলবে, সে বিষয়ে এখনো স্পষ্টতা তৈরি হয়নি। আর এ অনিশ্চয়তার প্রভাবই নতুন করে পড়ছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে।
(ঢাকাটাইমস/১০ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































