চট্টগ্রাম ও বরগুনায় কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম

চট্টগ্রাম ও বরগুনায় প্রাথমিক চিকিৎসা এবং অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তা বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে তারা। এরই ধারাবাহিকতায় রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রামের কোস্ট গার্ড বেইসের মাল্টিপারপাস হলে প্রাথমিক চিকিৎসাবিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আইয়ুব বিবি সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
অন্যদিকে, একই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরগুনার পাথরঘাটায় অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা ও পাথরঘাটা ফায়ার সার্ভিস যৌথভাবে এ সভার আয়োজন করে।
সভায় অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ, আগুন নেভানোর প্রাথমিক কৌশল এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে সাধারণ মানুষের দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। এতে কে এম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































