চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে অগ্নিসংযোগ

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার চশমা হিল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ থেকে ৭ জনের একটি দল বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে। এতে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনাস্থল পরিদর্শনের পর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসার ভেতরে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করেছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে। তিনি আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
স্থানীয়দের ভাষ্য, গত দুই বছরে চশমা হিলের এই বাসভবনে এটি নিয়ে চারবার হামলার ঘটনা ঘটল। ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রথম দফায় হামলা হয়। একই বছরের ৫ আগস্ট দ্বিতীয় দফায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর ২০২৫ সালের ডিসেম্বরে তৃতীয় দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বর্তমানে বাড়িটি খালি রয়েছে।
এদিকে, আওয়ামী লীগ সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গত ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে অডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে নওফেলও অংশ নেন। স্থানীয় কয়েকজন বাসিন্দার ধারণা, এর জের ধরে সর্বশেষ অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































